ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে আসছে ‘ছায়ামন্ত্রী’

২০২৬ জুন ০১ ১০:৫৫:১৯
সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে আসছে ‘ছায়ামন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ ও বিকল্প নীতিগত প্রস্তাব তুলে ধরতে ছায়া মন্ত্রিসভা (শ্যাডো ক্যাবিনেট) গঠনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট। দলীয় সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণা যেকোনো সময় আসতে পারে।

জোটের নীতিনির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন, সংসদে প্রতিনিধিত্বকারী এমপিদের নিয়ে এই ছায়া সরকার গঠন করা হচ্ছে। ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে কার্যক্রমও শুরু হয়েছে। আগামী ৭ জুন শুরু হতে যাওয়া সরকারের প্রথম বাজেট অধিবেশনের পর অথবা অধিবেশনের শেষ দিকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

জানা গেছে, ৫ ও ৬ জুন দলীয় এমপিদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাজেট অধিবেশনকে সামনে রেখে অনুষ্ঠিত হলেও সেখানে ছায়া সরকারের কাঠামো, দায়িত্ব বণ্টন ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কার আগ্রহ রয়েছে, সে বিষয়ে এমপিদের মতামত নেওয়া হবে। পাশাপাশি দলীয় নীতিনির্ধারকেরা বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য দায়িত্ব নির্ধারণ করবেন। প্রয়োজন হলে একজন এমপিকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হতে পারে।

ছায়া সরকার বা ছায়া মন্ত্রিসভা হলো সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের একটি বিকল্প সাংগঠনিক কাঠামো। এতে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের একজন করে দায়িত্বপ্রাপ্ত নেতা থাকেন, যিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং বিকল্প নীতিমালা প্রস্তাব করেন।

বিরোধী জোটের নেতারা জানিয়েছেন, চারটি প্রধান উদ্দেশ্য সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এগুলো হলো—সরকারি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, বিকল্প নীতি ও কর্মপরিকল্পনা উপস্থাপন, বিরোধী দলের নেতাদের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ করে তোলা এবং সরকারের ভুলত্রুটি জনসমক্ষে তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের এমপি রফিকুল ইসলাম খান বলেন, “ছায়া সরকার গঠনের ঘোষণা আমাদের বিরোধীদলীয় নেতা আগেই দিয়েছেন। সে অনুযায়ী কাজ চলছে। সময়মতো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “ছায়া সরকারের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। অনানুষ্ঠানিকভাবে কার্যক্রমও শুরু হয়েছে। সব প্রস্তুতি শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্থানীয় সরকার, আইন, যোগাযোগ, তথ্য ও সম্প্রচার, স্বাস্থ্য, শিক্ষা, আইসিটি, ধর্ম, সমাজকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, জনপ্রশাসন, মুক্তিযুদ্ধবিষয়ক এবং জুলাই বিপ্লববিষয়ক মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা একটি কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিরোধী দল সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিপরীতে ছায়ামন্ত্রী নিয়োগ করে থাকে। বাংলাদেশের রাজনীতিতে এ ধারণা তুলনামূলক নতুন হলেও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে