ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

এবার বন্ধ ‘তেলাপোকা জনতা পার্টি’র ওয়েবসাইট

২০২৬ মে ২৩ ২০:১৬:০৬
এবার বন্ধ ‘তেলাপোকা জনতা পার্টি’র ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক: ভারতে ক্ষমতাসীন দলকে ব্যঙ্গ করে গড়ে ওঠা আলোচিত অনলাইন আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ভারত সরকারের বিরুদ্ধে। শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ অভিযোগ করেন আন্দোলনটির প্রতিষ্ঠাতা অভিজিত দীপক।

বোস্টন ইউনিভার্সিটি-এর এই শিক্ষার্থী দাবি করেন, সরকারি হস্তক্ষেপে তাদের মূল ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আন্দোলনের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজও হ্যাক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

চলতি মাসের শুরুতে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার যুবকদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া ক্ষোভ ও ব্যঙ্গের জবাব হিসেবেই মাত্র এক সপ্তাহ আগে এই আন্দোলনের সূচনা করেন অভিজিত দীপক।

পরে প্রধান বিচারপতি ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্যটি জাল সার্টিফিকেটধারীদের উদ্দেশ্যে ছিল। তবে সেই ব্যাখ্যার পরও বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নামের সঙ্গে মিল রেখে ব্যঙ্গাত্মকভাবে ‘ককরোচ জনতা পার্টি’ নাম দেওয়া হয় বলে জানা গেছে।

মাত্র এক সপ্তাহের মধ্যেই আন্দোলনটি ব্যাপক জনপ্রিয়তা পায়। অভিজিত দীপকের দাবি, সাইবার হামলার আগে তাদের ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা ২২ মিলিয়ন ছাড়িয়ে যায়, যা বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের অনুসারীর সংখ্যারও দ্বিগুণের বেশি।

শুধু অনলাইন ব্যঙ্গেই সীমাবদ্ধ না থেকে আন্দোলনটি এখন ভারতের একটি বড় রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবিতে চালু করা একটি অনলাইন পিটিশনে ইতোমধ্যে ৬ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি ভারতে সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া ছাত্র আন্দোলনের সঙ্গেও এই আন্দোলনের নাম জড়িয়ে পড়েছে।

তবে ওয়েবসাইট বন্ধের অভিযোগের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে