ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন চাঞ্চল্য

২০২৬ মে ২৩ ১০:২২:৪২
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান বলে দাবি করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। দলীয় সূত্র বলছে, দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ বাংলাদেশ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা দ্রুত দেশে ফিরতে চান এবং এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তার ভাষায়, “তিনি যেভাবে ভারত গিয়েছেন, সেভাবেই বীরদর্পে দেশে ফিরবেন।”

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই বক্তব্যকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, দলীয় নেতাকর্মীদের চাঙা রাখতেই দেশে ফেরার বিষয়টি সামনে আনা হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ভারত আশ্রয় নেওয়া শেখ হাসিনা-র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইউরোপ আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ হাসিনা দেশে ফিরে বিচার মোকাবিলা করতে চান। এমনকি তিনি আগামী ১৫ আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাস চাইতে পারেন বলেও দাবি করা হয়।

ওই নেতা আরও বলেন, সম্প্রতি টেলিগ্রামে নেতাদের সঙ্গে এক আলোচনায় শেখ হাসিনা বলেছেন, “দেশে এসে গণতন্ত্রের জন্য যদি ফাঁসির মঞ্চেও যেতে হয়, তাতেও আমার কষ্ট থাকবে না।”

এদিকে, দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর কবির নানক-কে। তিনি মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার আইনিভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এবং তাকে দেশে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে চায়।

রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বাস্তবতার চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি। তার ভাষায়, “শেখ হাসিনা দেশে ফিরবেন— এমন বিশ্বাসযোগ্য কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।”

বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দুর্নীতি দমন কমিশন এবং হত্যা-গুমসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দেশে ফিরলে তাকে এসব মামলার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হতে পারে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে