ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

যে কারণে হঠাৎ সড়কের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

২০২৬ মে ১৩ ১৭:৩৯:৪০
যে কারণে হঠাৎ সড়কের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির লংগদু উপজেলায় এলজিইডির অর্থায়নে চলমান একটি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মছিবত টিলা এলাকায় ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছিল।

এলাকাবাসীর অভিযোগ, কাজ শুরুর শুরু থেকেই ঠিকাদার নিয়মনীতি উপেক্ষা করে নিম্নমানের ইট, কংক্রিট ও মাটি ব্যবহার করছিলেন। একাধিকবার বাধা দেওয়া সত্ত্বেও কাজ বন্ধ না হওয়ায় পরে তারা উপজেলা প্রকৌশল অফিসে বিষয়টি জানান।

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি রাস্তায় ব্যবহৃত নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি তৈয়ব আলী দাবি করেন, প্রকল্পটির ঠিকাদারি কাজ এমদাদুল নামের একজন ব্যক্তি পরিচালনা করছেন এবং এতে জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ বন্ধ করা হয়েছে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জেলা পরিষদ সদস্য মিনহাজ মুর্শিদ সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, তিনি এ প্রকল্পের সঙ্গে যুক্ত নন এবং অনিয়মের খবর পেয়ে নিজেও প্রতিবাদ জানিয়েছেন।

অভিযুক্ত ঠিকাদার এমদাদুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লংগদু উপজেলা প্রকৌশলী সামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে গিয়ে অনিয়ম পাওয়া গেছে। তাই কাজ বন্ধ করা হয়েছে এবং নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা সরকারি এই উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও মান বজায় রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে