ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

ঢাকায় আসছেন ‘ডোনাল্ড ট্রাম্প’

২০২৬ মে ১৩ ১১:২৬:২৩
ঢাকায় আসছেন ‘ডোনাল্ড ট্রাম্প’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবারও দেখা যাচ্ছে নানা ব্যতিক্রমী পশু। তবে সব আলোচনাকে ছাপিয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারের গোলাপি রঙের এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির মাথার লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল থাকায় খামার কর্তৃপক্ষ মজার ছলে এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের মূল আকর্ষণ এখন এই ব্যতিক্রমী মহিষটি। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’কে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে মহিষটি সংগ্রহ করা হয়। প্রায় ১০ মাস বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।

তিনি বলেন, প্রথমে কোনো নাম ছিল না। পরে একজন স্বজনের মন্তব্য থেকেই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি জনপ্রিয় হয়ে ওঠে।

খামার সূত্রে জানা গেছে, মহিষটির খাদ্যতালিকায় ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস রাখা হয়। নিয়মিত গোসল ও আলাদা পরিচর্যাও করা হয়।

পরিচর্যাকারীরা জানান, মহিষটি শান্ত স্বভাবের এবং অন্য পশুর তুলনায় বেশি যত্ন প্রয়োজন হয়।

খামারের আরেক কর্মচারী জানান, খামারে আরও কিছু মজার নামের পশু রয়েছে—তুফান, রহমান ডাকাত ও মাস্তান। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভাইরাল হওয়ার পর প্রতিদিন শত শত মানুষ খামারে ভিড় করছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে পশুটিকে দেখছেন ও ছবি তুলছেন।

খামার কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদে তাদের খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছিল। তবে সবকিছুর মধ্যেও ‘ডোনাল্ড ট্রাম্প’ ছিল মূল আকর্ষণ।

পরে খামারের মালিক জানান, মহিষটি ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। লাইভ ওজন অনুযায়ী প্রতি কেজি ৫৫০ টাকা দরে মোট প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এটি কোনো বিদেশি জাত নয়; বরং দেশি এলবিনো মহিষ, শরীরে রঞ্জক পদার্থের অভাবে এ ধরনের রং দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রমী নাম ও ভিডিও এখন পশু ব্যবসায় নতুন বিপণন কৌশল হিসেবে কাজ করছে, যা দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে