ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ব্যাংক লুটপাটের বিচার চেয়ে গভর্নরের কাছে স্মারকলিপি

২০২৬ মে ১৩ ০০:১০:৩৯
ব্যাংক লুটপাটের বিচার চেয়ে গভর্নরের কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি জমা দিয়েছে আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স ভয়েস বাংলাদেশ। সংগঠনটির নেতাদের অভিযোগ, বিভিন্ন ব্যাংকে সংঘবদ্ধ অনিয়মের কারণে সাধারণ আমানতকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির কো-অর্ডিনেটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, দেশের ব্যাংকিং খাত বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বহু গ্রাহক নিজেদের আমানতের টাকা তুলতে পারছেন না।

তার দাবি, অনেক ব্যাংকে গ্রাহকদের চাহিদামতো টাকা দেওয়া হচ্ছে না। কেউ মাত্র ২ হাজার টাকা, কেউ ৫ হাজার টাকা তুলতে পারছেন। আবার কিছু ব্যাংক গ্রাহকদের কোনো অর্থই দিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

বক্তব্যে তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, একজন ক্যানসার রোগী চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলেও নিজের ব্যাংক হিসাব থেকে দেড় কোটি টাকা উত্তোলন করতে পারেননি। বরং ব্যাংকের পক্ষ থেকে তাকে মাত্র ৫ হাজার টাকা নেওয়ার কথা বলা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, গত ২৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছিল। যদিও সরাসরি সাক্ষাতের সুযোগ হয়নি, তবে তাদের স্মারকলিপি গভর্নরের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে