ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

ফেসবুক পোস্টে চাকরি গেল বিএমডিএ প্রকৌশলীর

২০২৬ মে ১৩ ১০:৩৩:০৬
ফেসবুক পোস্টে চাকরি গেল বিএমডিএ প্রকৌশলীর

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে নিজ প্রতিষ্ঠান নিয়ে সমালোচনামূলক পোস্ট দেওয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে তাকে রাজশাহী সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া প্রকৌশলীর নাম সাব্বির রহমান। তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন।

জানা যায়, গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন— “অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!” পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে।

অফিস আদেশে বলা হয়, এ ধরনের মন্তব্য দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত এবং শৃঙ্খলাপরিপন্থী। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ আনা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও আদেশে জানানো হয়েছে।

বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, “তিনি স্বীকার করেছেন যে স্ট্যাটাসটি তিনি দিয়েছেন। এ কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এ বিষয়ে সাব্বির রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে