ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বঙ্গভবন

২০২৬ মে ১৩ ০৯:২৯:৩০
রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বঙ্গভবন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছে বঙ্গভবন।

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১২ মে) যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট স্থাপন করা হয়।

বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। পরবর্তীতে হৃদরোগজনিত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিত ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলোআপ চিকিৎসা নিচ্ছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ৯ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে