ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিনিয়োগকারীদের সক্রিয়তায় চাঙা শেয়ারবাজার

২০২৬ মে ১২ ১৪:৪১:৫০
বিনিয়োগকারীদের সক্রিয়তায় চাঙা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিনের ধারাবাহিক দরপতনের পর মঙ্গলবার (১২ মে) দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের উত্থানের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর ও টাকার অংকে লেনদেন। এর ফলে ৯ কার্যদিবস পর আবারও ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে বাজারে ধীরগতির পতন চললেও মঙ্গলবার স্বাভাবিক গতিতে সূচক ঘুরে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণও ছিল ইতিবাচক। আতঙ্ক ছাড়াই বিনিয়োগকারীরা লেনদেনে অংশ নেওয়ায় বাজারে তারল্য বেড়েছে এবং লেনদেন হাজার কোটি টাকা অতিক্রম করেছে। তারা আশা করছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উত্তাপ কিছুটা কমে আসায় আগামী দিনগুলোতেও বাজারে ইতিবাচক ধারা বজায় থাকতে পারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৯ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ দশমিক ৫১ পয়েন্টে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৯ দশমিক ১৭ পয়েন্টে পৌঁছেছে।

ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত ছিল ৬৭টির দর।

দিনশেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৭১৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩৮৬ কোটি ৫৫ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মঙ্গলবার ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন সিএসইতে ২১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ২০ কোটি ৫১ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দর।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭৭ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটি ৩ দশমিক ৯৩ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে