ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সরকারের সিদ্ধান্তে বাইক ও রিকশা চালকদের জন্য নতুন নিয়ম

২০২৬ মে ১২ ১১:৪৬:৪৫
সরকারের সিদ্ধান্তে বাইক ও রিকশা চালকদের জন্য নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, মোটরসাইকেলের ক্ষেত্রে সিসিভেদে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা এবং ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে এলাকাভেদে ১ হাজার থেকে ৫ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা রয়েছে।

বাজেট সংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নীতিগত সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে অগ্রিম আয়করের আওতায় সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহন রয়েছে। এবার সেই তালিকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত থ্রি-হুইলার যুক্ত হচ্ছে।

নতুন প্রস্তাব অনুযায়ী মোটরসাইকেলের কর কাঠামো হবে— ১১০ সিসি পর্যন্ত করমুক্ত থাকবে। ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হবে।সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ–এর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৪৮ লাখ ৭০ হাজার মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে। নতুন কর ব্যবস্থা কার্যকর হলে এসব যানবাহনের একটি বড় অংশ করের আওতায় আসবে।

অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে সিটি করপোরেশন এলাকায় বছরে ৫ হাজার টাকা, পৌরসভায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা কর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

সরকার এসব যানবাহনকে নিবন্ধন ও কর ব্যবস্থার আওতায় আনতে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ বাস্তবায়নের উদ্যোগও নিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন কর ব্যবস্থা সরকারের রাজস্ব আয় বাড়াতে সহায়ক হতে পারে। তবে একই সঙ্গে স্বল্প আয়ের মোটরসাইকেল ব্যবহারকারী এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ওপর আর্থিক চাপ বাড়ার আশঙ্কাও রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে