ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

যে প্রস্তাব পেয়েও এনসিপিতে যোগ দিলেন না মনজুর

২০২৬ মে ১০ ০৮:৪৪:০১
যে প্রস্তাব পেয়েও এনসিপিতে যোগ দিলেন না মনজুর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমকে দলে ভেড়ানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে তাকে চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক এবং ভবিষ্যৎ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ লক্ষ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি চট্টগ্রামে মনজুর আলমের বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। ওই প্রস্তাবের ভিত্তিতেই বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠান আয়োজন করে এনসিপি। তবে শেষ পর্যন্ত মনজুর আলম অনুষ্ঠানে উপস্থিত হননি।

সূত্র জানায়, অনুষ্ঠানের আগে এনসিপির নেতারা একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এতে বিরক্ত হয়ে তিনি ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রাখেন এবং কিছু সময়ের জন্য বাসার বাইরে অবস্থান করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

মনজুর আলমের পরিবারের এক সদস্য বলেন, “কারও ইচ্ছার বিরুদ্ধে তাকে কোনো দলে নেওয়া সম্ভব নয়।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে এনসিপির সঙ্গে সম্পৃক্ত দেখানোর চেষ্টা করছে।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, “মনজুর আলম এনসিপিতে যোগ দেবেন—এমন কোনো তথ্য আমাদের কাছে ছিল না। তিনি যোগ না দেওয়ায় হতাশ হওয়ারও কিছু নেই।”

এদিকে মনজুর আলমের বাসায় যাওয়ার ঘটনায় বিএনপির একাংশের সমালোচনার মুখেও পড়েন হাসনাত আবদুল্লাহ। তাদের অভিযোগ, আওয়ামী লীগঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নেতার সঙ্গে বৈঠক করে তিনি রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি করেছেন।

রাজনৈতিক জীবনে মনজুর আলম প্রথমে আওয়ামী লীগের প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পরে বিএনপিতে যোগ দিয়ে ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে