×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুদহার এক অঙ্কে নামানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

২০২৬ এপ্রিল ৩০ ১০:৩৩:৪২
সুদহার এক অঙ্কে নামানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমান ১৩-১৪ শতাংশ সুদের হারে অর্থায়ন নিয়ে টেক্সটাইলসহ বিভিন্ন শিল্প টিকিয়ে রাখা কঠিন।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সপো (বিটিকেজি এক্সপো ২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে চার দিনব্যাপী এ প্রদর্শনী ২ মে পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রদর্শনীর আহ্বায়ক ফজলে শামীম এহসান এবং ইনফোরচেইনের নির্বাহী পরিচালক স্পেনসার লিন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাকসহ শিল্প খাত বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে জ্বালানি সংকট ও উচ্চ সুদের হার এ খাতের বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, উচ্চ সুদের হার পুঁজিঘন শিল্পের জন্য সহনীয় হলেও শ্রমনির্ভর ও স্বল্প মুনাফার শিল্পের জন্য তা বড় বাধা।

জ্বালানি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, জরুরিভিত্তিতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বেসরকারি খাত অগ্রণী ভূমিকা রাখবে এবং সরকার নীতিগত ও লজিস্টিক সহায়তা দেবে।

লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে একটি নতুন ব্যবসা শুরু করতে প্রায় ২৫-২৬টি লাইসেন্স প্রয়োজন হয়, যা পেতে দীর্ঘ সময় লাগে। নতুন ব্যবস্থায় আবেদন করার সঙ্গে সঙ্গে প্রভিশনাল অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন।

এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ প্রায় ২৮টি দেশের ৯০০ প্রদর্শক অংশ নিয়েছে। আইসিসিবির প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকায় ১,২০০টি বুথে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের আধুনিক পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে।

প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্ট খাতের উন্নত যন্ত্রপাতি, ডাই ও কেমিক্যালস, নিটিং প্রযুক্তি, এমব্রয়ডারি, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং প্রযুক্তিসহ নানা উদ্ভাবনী সমাধান তুলে ধরা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে