ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হঠাৎ গুলিতে শেষ মুহূর্তে সরানো হলো ট্রাম্পকে

২০২৬ এপ্রিল ২৬ ০৯:৪৪:১০
হঠাৎ গুলিতে শেষ মুহূর্তে সরানো হলো ট্রাম্পকে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠান চলাকালে প্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে ছিলেন। হঠাৎ ভোজকক্ষে বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাকে ঘিরে ফেলেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন।

কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির সভাপতি ওইজিয়া জিয়াং জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।

এ ঘটনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। একটি সূত্র জানিয়েছে, তারা দুজনই নিরাপদ ও সুস্থ আছেন।

প্রতিবছর হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যম অঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন। গুলির ঘটনার পর উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, এক বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি চালায়। তবে তাকে হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত করেননি।

ঘটনার পর ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, “তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে কাজ করেছে।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে