ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিশ্ববাণিজ্যের লাইফলাইন নিয়ে ইরানের নতুন খেলা

২০২৬ এপ্রিল ২৪ ১৫:৪২:৫১
বিশ্ববাণিজ্যের লাইফলাইন নিয়ে ইরানের নতুন খেলা

নিজস্ব প্রতিবেদক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজেদের মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান।শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানান, কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড় বা টোল মওকুফ করা হয়েছে। তবে এই নীতি ভবিষ্যতেও বহাল থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মিত্র দেশগুলোর জন্য এসব সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে জানান, যেসব দেশকে ইরান ‘বন্ধু’ হিসেবে বিবেচনা করে বা বিশেষ অনুমতি দেয়, তাদের জাহাজ চলাচলে নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে। সেই তালিকায় সম্ভাব্যভাবে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত-এর নাম উঠে আসে। তবে বর্তমান পরিস্থিতিতে সব দেশ একই সুবিধা পাচ্ছে কি না, তা স্পষ্ট নয়।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো—যা বৈশ্বিক চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ।

এদিকে ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন, দেশটি প্রথমবারের মতো এই প্রণালি দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় শুরু করেছে এবং তা কেন্দ্রীয় ব্যাংকে জমা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান একদিকে কিছু দেশের কাছ থেকে রাজস্ব আদায় করছে, অন্যদিকে মিত্রদের জন্য মাশুল মওকুফ করে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার দ্বৈত কৌশল গ্রহণ করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে