ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

‘ভালো কোম্পানির কাছে শেয়ারবাজার এখন ক্যাসিনো’, সংস্কারের ওপর জোর অর্থমন্ত্রীর

২০২৬ এপ্রিল ২৫ ২৩:৫৪:৩৩
‘ভালো কোম্পানির কাছে শেয়ারবাজার এখন ক্যাসিনো’, সংস্কারের ওপর জোর অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারকে নিজের ‘পছন্দের বিষয়’ উল্লেখ করলেও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অনেক ভালো কোম্পানি দেশের শেয়ারবাজারকে এখন ‘ক্যাসিনো’ হিসেবে বিবেচনা করছে, যা বিনিয়োগ পরিবেশের জন্য অশনিসংকেত।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, শেয়ারবাজার দুর্বল হওয়ার অন্যতম কারণ হলো ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা। বিশেষ করে স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি ঋণ বিতরণের প্রবণতা ব্যাংকিং খাত এবং ব্যবসা—উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বড় প্রকল্পগুলোর অর্থায়ন শেয়ারবাজার থেকে হওয়ার কথা থাকলেও কার্যকর বাজার না থাকায় সেই সুযোগ কাজে লাগানো যায়নি।

তিনি বলেন, শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর আস্থা পুনরুদ্ধার এখন সময়ের দাবি। কারণ, ভালো কোম্পানিগুলো বাজারে আসতে আগ্রহী হলেও বর্তমান পরিস্থিতি তাদের নিরুৎসাহিত করছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর নির্ভর করে শক্তিশালী শেয়ারবাজার গড়ে তোলা সম্ভব নয়। এজন্য বিদেশি ফান্ড ম্যানেজার ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকার শেয়ারবাজারভিত্তিক অর্থায়নের দিকে অগ্রসর হতে চায়। এ লক্ষ্যে উন্নত দেশের আদলে গভর্নমেন্ট বন্ড ও মিউনিসিপাল বন্ড চালুর পরিকল্পনা রয়েছে, যাতে সরকারি প্রকল্পগুলো সরাসরি বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে।

সরকারি শেয়ার ধারণের বিষয়টি পুনর্বিবেচনার কথাও জানান তিনি। অর্থমন্ত্রীর মতে, সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক ব্যয় বৃদ্ধি করা।

এছাড়া সরকারি সম্পদ সিকিউরিটাইজ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। উদাহরণ হিসেবে যমুনা সেতুর ভবিষ্যৎ আয়ের বিপরীতে সিকিউরিটিজ ইস্যুর সম্ভাবনার কথা উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে নীতিগত ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই। বর্তমান অবস্থা থেকে উত্তরণে এসব পদক্ষেপ জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে