ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হঠাৎ অবসর, বদলির ঝড়—যা চলছে পুলিশের ভিতর 

২০২৬ এপ্রিল ২৪ ১৫:৫৬:৪০
হঠাৎ অবসর, বদলির ঝড়—যা চলছে পুলিশের ভিতর 

নিজস্ব প্রতিবেদক: চাকরি হারানোর আশঙ্কা, হঠাৎ বদলি এবং বাধ্যতামূলক অবসরের ঘটনায় দেশের পুলিশ বাহিনীর ভেতরে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদলের পর এই উদ্বেগ আরও তীব্র হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের সদস্যদের মধ্যেও এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়িত্ব পালনের মূল্যায়ন নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। তাদের ভাষায়, দীর্ঘদিন পেশাদারিত্বের সঙ্গে কাজ করলেও এখন হঠাৎ করে চাকরি হারানোর ভয় তাড়া করছে। পরিবার, সামাজিক মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা—সবকিছু নিয়েই তারা উদ্বিগ্ন। কেউ কেউ বলছেন, “কর্তৃপক্ষের নির্দেশনা মেনে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে সেই সিদ্ধান্তের দায়ভার ব্যক্তিগতভাবে বহন করতে হচ্ছে।”

পুলিশের অভ্যন্তরীণ সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যা বাহিনীর মধ্যে এক ধরনের নীরব চাপ তৈরি করেছে। এর পাশাপাশি বিভিন্ন ইউনিটে বদলি ও সংযুক্তির ঘটনাও বেড়েছে। ফলে অনেকেই আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া নিয়েও বাহিনীর ভেতরে অসন্তোষ বাড়ছে। গুরুত্বপূর্ণ অনেক পদ খালি থাকলেও প্রশাসনিক জটিলতায় পদোন্নতি প্রক্রিয়া ধীরগতির। এতে করে একদিকে যেমন হতাশা তৈরি হচ্ছে, অন্যদিকে কর্মউদ্দীপনাও কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতীত ভূমিকা যাচাইয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করার খবরও অস্থিরতা বাড়িয়েছে। সূত্র জানায়, যারা বিভিন্ন সরকারের সময় প্রভাবশালী অবস্থানে ছিলেন বা বিশেষ সুবিধা পেয়েছেন—তাদের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও তদন্ত প্রক্রিয়াও চলমান রয়েছে।

পুলিশ সদস্যদের একটি অংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে তারা মানসিক চাপে দায়িত্ব পালন করছেন। এতে কাজের মনোযোগ ব্যাহত হচ্ছে এবং বাহিনীর সামগ্রিক কার্যকারিতায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, দ্রুত স্পষ্ট নীতিমালা ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করা না হলে এই অস্থিরতা আরও বাড়তে পারে।

তবে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একটি পেশাদার, জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের দাবি, যারা অতীতে অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে; আর এতে সাময়িক অস্থিরতা তৈরি হলেও দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব পড়বে।

বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ধরে রাখতে হলে দ্রুত এই অনিশ্চয়তা দূর করা জরুরি। অন্যথায় মাঠপর্যায়ে কাজের গতি ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে, যা সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে