ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া

২০২৬ এপ্রিল ২৩ ১৪:১১:১৩
প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে দূরপাল্লার রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে। তবে জ্বালানি তেলের দাম বাড়া বা কমার সঙ্গে ভাড়াও সমন্বয় করা হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে নতুন ভাড়া ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, নতুন এ ভাড়া আজ থেকেই কার্যকর হবে।

মন্ত্রী আরও বলেন, এ সিদ্ধান্ত কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি কার্যকর হবে না। জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও কমানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

রেল ও নৌ পরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সড়কমন্ত্রী। একইভাবে বিআরটিসি বাসের ভাড়া নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং অন্যান্য বাসের ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক হার নির্ধারণ করা হবে।

এসি বাসের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করা হবে।

এর আগে, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। নতুন এ মূল্য ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে