ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বক্তব্যের সময় ‘অশালীন অঙ্গভঙ্গি’— সংসদে তোলপাড়

২০২৬ এপ্রিল ১৯ ১৮:০৩:৫৮
বক্তব্যের সময় ‘অশালীন অঙ্গভঙ্গি’— সংসদে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলাকালীন ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের ‘অশালীন অঙ্গভঙ্গির’ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

রবিবার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ নিন্দা জানান।

ড. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অশালীন আচরণ তার বিবেককে আঘাত করেছে। তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞ সংসদ সদস্যদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। সংসদে একটি শালীন ও সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি এবং এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হলেও বক্তব্য দেওয়ার সুযোগের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্য রয়েছে, যা উদ্বেগজনক।

এ সময় সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও বক্তব্য রাখেন। তিনি নতুন সংসদ সদস্যদের কথা বলার সুযোগ বাড়ানোর আহ্বান জানান। তার মতে, বর্তমানে ২২০ জন নতুন সদস্য রয়েছেন, যারা তাদের এলাকার গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান। কিন্তু অনেকেই বারবার সুযোগ পেলেও কেউ কেউ এখনো বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।

চিফ হুইপ আরও বলেন, নোটিশ জমা দেওয়ার ক্ষেত্রে যিনি আগে দেবেন, তার বক্তব্য যেন সিরিয়াল অনুযায়ী আগে নেওয়া হয়—এটি অনুসরণ করলে সংসদ আরও প্রাণবন্ত হবে এবং নতুন সদস্যরা উৎসাহিত হবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে