ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ের প্রস্তুতি, অতঃপর...

২০২৬ এপ্রিল ১৯ ১১:০৯:২৩
স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ের প্রস্তুতি, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা-এ পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ের প্রস্তুতিকালে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের গাজী বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের রিমা আক্তারের ২০২৪ সালের ১৪ আগস্ট বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে যান এবং কয়েক মাস আগে দেশে ফিরে এসে গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে রিমাকে তালাক দেন বলে জানা যায়।

পরিবারের পক্ষ থেকে শনিবার তার নতুন বিয়ের দিন নির্ধারণ করা হয়। বিষয়টি জানতে পেরে পূর্বের স্ত্রী রিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা রুবেলের বাড়িতে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে মারামারির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৭ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন রিমা আক্তার, তার মা কোহিনুর বেগম, ভাই সাইফুল ইসলাম, খালাতো ভাই রাব্বি এবং খালা সাহিনুর বেগম। গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে চাঁদপুর সদর হাসপাতালে এবং অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়।

অন্যদিকে রুবেলের পরিবারের পক্ষ থেকেও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রিমা আক্তার অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে অক্ষম দেখিয়ে নোটারির মাধ্যমে তালাক দেওয়া হয়েছে এবং তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেওয়া হয়। তিনি বলেন, ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে রুবেল দাবি করেন, পারিবারিক কারণে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দিয়েছেন এবং দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে রিমার পরিবারের লোকজন এসে হামলা চালায়।

ফরিদগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন, তবে এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে