ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Sharenews24

সৌজন্য সাক্ষাৎ না গোপন রাজনীতি প্রশ্নের ঝড়ে হাসনাত আবদুল্লাহ

২০২৬ এপ্রিল ১৫ ০৯:২৯:৫৪
সৌজন্য সাক্ষাৎ না গোপন রাজনীতি প্রশ্নের ঝড়ে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের কাট্টলি এলাকায় অবস্থিত মনজুর আলমের বাসায় তিনি যান। এ সময় খবর পেয়ে বাসার সামনে জড়ো হন একদল ব্যক্তি, যারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

সাক্ষাৎ শেষে বাসা থেকে বের হওয়ার সময় তারা হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপস্থিত কয়েকজন ব্যক্তি তাঁর কাছে জানতে চান—আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজনের বাসায় তিনি কেন গেছেন, বিশেষ করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলার প্রেক্ষাপটে।

এ সময় হাসনাত আবদুল্লাহকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।পরবর্তীতে এক ব্যক্তি এসে বিক্ষুব্ধদের সরে যেতে অনুরোধ করেন।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে গিয়েছিলেন এবং মনজুর আলমের আমন্ত্রণে তাঁর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

মনজুর আলম গণমাধ্যমকে বলেন, “হাসনাত আবদুল্লাহ আমার বাসায় এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ হয়েছে—এর বেশি কিছু নয়।”

তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মনজুর আলম। যদিও এ বিষয়ে তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।”

এদিকে রাত ৮টায় এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন মনজুর আলম। পরে ২০১৫ সালের নির্বাচনে অংশ নিয়ে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেন এবং ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে সরে যান। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তা পাননি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে