ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Sharenews24

শেয়ার দরে উল্লম্ফন: কোনো তথ্য নেই বলে জানাল কোম্পানি

২০২৬ এপ্রিল ১৪ ১৫:৫৯:১৭
শেয়ার দরে উল্লম্ফন: কোনো তথ্য নেই বলে জানাল কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দাম ও লেনদেনে সাম্প্রতিক অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (PSI) নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক জিজ্ঞাসার জবাবে কোম্পানিটি এই স্পষ্টীকরণ প্রদান করে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৬ টাকা ২০ পয়সা, যা মাত্র এক মাসের ব্যবধানে গত ১২ এপ্রিল ৪১ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। তবে ১৩ এপ্রিল মুনাফা সংগ্রহের প্রবণতায় শেয়ারটির দাম ৩.১৪ শতাংশ কমে ৩৯ টাকা ৭০ পয়সায় স্থির হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার 'প্রিলিংক সিকিউরিটিজ লিমিটেড'-এর শেয়ার বিক্রির ঘোষণা এই দরবৃদ্ধিতে প্রভাব ফেলে থাকতে পারে। চলতি মাসের শুরুতে প্রিলিংক সিকিউরিটিজ প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয়। এর আগে মার্চ মাসেও তারা ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল, যা গত ৬ এপ্রিল সম্পন্ন হয়। উল্লেখ্য, ক্রাফটসম্যান ফুটওয়্যারের দুই পরিচালক প্রিলিংক সিকিউরিটিজের শীর্ষ পদে রয়েছেন।

এদিকে কোম্পানির আর্থিক পারফরম্যান্সে মিশ্র প্রবণতা দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে ক্রাফটসম্যান ফুটওয়্যারের আয় ছিল ৭৬ কোটি ৭৬ লাখ টাকা, যার ৯৭ শতাংশই এসেছে রপ্তানি থেকে। তবে আগের বছরের তুলনায় নিট মুনাফা ৫ কোটি ৪৪ লাখ টাকা থেকে কমে ৪ কোটি ৩২ লাখ টাকা কমলেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটির বর্তমানে দুটি উৎপাদন ইউনিট রয়েছে। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তথ্য অনুযায়ী, কোম্পানির ৪৫.২২ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের হাতে এবং বাকি শেয়ার প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে