ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

খামেনির অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

২০২৬ এপ্রিল ১১ ১৪:৫৭:২৯
খামেনির অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: ইরান-এর নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের জল্পনার মধ্যে নতুন তথ্য সামনে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধের শুরুতে তেহরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। ওই হামলায় তার বাবা নিহত হওয়ার সময় তিনিও মারাত্মকভাবে জখম হন।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় তার মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে এবং এক বা উভয় পায়ে আঘাত পান। কিছু সূত্রের দাবি, তিনি একটি পা হারাতে পারেন—যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত ৮ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়। তবে ঘনিষ্ঠ মহল বলছে, শারীরিকভাবে গুরুতর আহত হলেও তিনি মানসিকভাবে সচল রয়েছেন এবং দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তিনি সরাসরি জনসমক্ষে না এসে অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।

তবে তার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ইরানের কর্তৃপক্ষ। ইরানের জাতিসংঘ মিশন এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগেই জানিয়েছিলেন, খামেনি আহত হয়েছেন এবং তার চেহারায় স্থায়ী পরিবর্তন আসতে পারে।

সূত্রগুলো বলছে, আগামী এক থেকে দুই মাসের মধ্যে তার ছবি প্রকাশ করা হতে পারে এবং শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি জনসমক্ষে উপস্থিত হতে পারেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে