ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

ঢাকার ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু, আবেদন করবেন যেভাবে

২০২৬ এপ্রিল ১১ ১০:৫৪:১৫
ঢাকার ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু, আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রাথমিকভাবে রাজধানী ঢাকা-র দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে (পাইলটিং) এ সেবা চালু করা হয়েছে।

সরকারের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর উদ্যোগে তৈরি এই অ্যাপটি প্রথম পর্যায়ে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বর্তমানে তেজগাঁও-এর ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেট-এর সোনার বাংলা ফুয়েল স্টেশনে এটি ব্যবহার করা হচ্ছে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে।

জ্বালানি বিভাগ জানায়, ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিতরণের ফলে দীর্ঘ লাইন, যানজট এবং কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার জ্বালানি নেওয়ায় সরবরাহ ব্যবস্থায় অসামঞ্জস্য দেখা দিচ্ছে।

নতুন ডিজিটাল ব্যবস্থায় প্রতিটি ব্যবহারকারীর জন্য একটি কিউআর কোড তৈরি করা হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় কোড স্ক্যান করলেই নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি পাওয়া যাবে।

এই সিস্টেমের মাধ্যমে ফিলিং স্টেশন মালিকরা ডিজিটালভাবে জ্বালানির বরাদ্দ নথিভুক্ত করতে পারবেন এবং কেন্দ্রীয়ভাবে সারাদেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে।

যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইটে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। এই ব্যবস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত থাকবে।

আবেদন করবেন যেভাবে

ফুয়েল পাস পেতে—গুগল প্লে স্টোর থেকে ‘Fuel Pass’ অ্যাপ ডাউনলোড করতে হবে

অ্যাপে প্রবেশ করে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে

একটি পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে