ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

ডিএসই পর্ষদে যোগ দিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২০২৬ এপ্রিল ০৭ ১৬:২৯:৩৪
ডিএসই পর্ষদে যোগ দিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত ডিএসই’র ১১১২তম পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এর আগে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়।

১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত সৈয়দ আশিকুর রহমান দীর্ঘ কর্মজীবনে দক্ষ নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন। বর্তমান দায়িত্বে যোগদানের আগে তিনি বিভিন্ন সময়ে পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবেও দায়িত্বে ছিলেন।

স্টাফ পর্যায়ে তার অভিজ্ঞতা ব্যাপক। তিনি জেনারেল স্টাফ অফিসার (অপারেশনস)-৩, ব্রিগেড মেজর, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ এবং রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও তিনি সমানভাবে কৃতিত্ব দেখিয়েছেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুরে ডিরেক্টিং স্টাফ ও সিনিয়র ইন্সট্রাক্টর (ক্লাস ‘এ’) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে আইভরি কোস্টে কোম্পানি সেকেন্ড-ইন-কমান্ড এবং সিরিয়া ও আইভরি কোস্টে মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি নাজিয়া আহমেদের সঙ্গে বিবাহিত এবং দুই কন্যার জনক।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে