ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Sharenews24

ঈদের রেশে শেয়ারবাজারে ধীর গতি

২০২৬ মার্চ ২৪ ১৪:৫১:১৪
ঈদের রেশে শেয়ারবাজারে ধীর গতি

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে কিছুটা ধীর গতিতে। দিনজুড়ে ঢাকা ও চট্টগ্রাম—উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন দেখা গেলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে, যা বাজারসংশ্লিষ্টরা স্বাভাবিক বলেই মনে করছেন।

সংশ্লিষ্টদের ভাষ্য, ঈদের আমেজ এখনো পুরোপুরি শেষ হয়নি। অনেক বিনিয়োগকারী এখনো ছুটির আবহে ঢাকার বাইরে অবস্থান করছেন। আবার যারা রাজধানীতে ফিরেছেন, তাদের মধ্যেও অনেকে নগদ অর্থের প্রয়োজন মেটাতে শেয়ার বিক্রি করছেন। এর ফলে বাজারে বিক্রির চাপ তৈরি হয়ে সূচক নিম্নমুখী হয়েছে। তবে তারা এটিকে সাময়িক পরিস্থিতি হিসেবে দেখছেন। তাদের মতে, আগামী সপ্তাহে বাজারে পূর্ণমাত্রায় অংশগ্রহণ বাড়লে লেনদেনে গতি ফিরতে পারে। এ অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্যের সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৪ দশমিক ৯৭ পয়েন্টে। এদিন ডিএসইর অন্য দুই সূচকের মধ্যেও পতন হয়েছে। এর মধ্যে ডিএসইএস ৭ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান নিয়েছে ১ হাজার ৭২ দশমিক ৬০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ৩২ পয়েন্ট হারিয়ে নেমে এসেছে ২ হাজার ১১ দশমিক ৪৫ পয়েন্টে।

ডিএসইতে এদিন মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২১টির শেয়ারদর বেড়েছে, ২৪৩টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের পরিমাণের দিক থেকে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৪৬০ কোটি ৩০ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩২ কোটি ১৭ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের কার্যদিবসে সেখানে ৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

সিএসইতে এদিন মোট ১৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ৬৭টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল।

সূচকের দিক থেকেও সিএসইতে পতন হয়েছে। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৮ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১ দশমিক ১৯ পয়েন্টে। এর আগের কার্যদিবসে সূচকটি ৫১ দশমিক ০৪ পয়েন্ট বেড়েছিল।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, ঈদ-পরবর্তী এই স্থবিরতা খুব বেশি দিন স্থায়ী হওয়ার কথা নয়। ছুটির আবহ কেটে গিয়ে বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবে বাজারে ফিরলে সূচক ও লেনদেন—দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে