ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬
Sharenews24

১৫ বছরেই বিশ্বরেকর্ড গড়লেন ক্রিকেট তারকা

২০২৬ মার্চ ২২ ১৪:৩২:১৫
১৫ বছরেই বিশ্বরেকর্ড গড়লেন ক্রিকেট তারকা

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ে আলোচনায় এসেছেন রুয়ান্ডার কিশোরী ব্যাটার ফ্যানি উতাগুশিমানিন্দে। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে সেঞ্চুরি করে নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়েছেন তিনি।

অভিষেক ম্যাচেই এমন কীর্তি গড়ে একাধিক রেকর্ড ভেঙেছেন এই তরুণী। এর আগে নারী আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে কোনো ব্যাটারের সেঞ্চুরির নজির ছিল না। টি-টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ ৯৬ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টন-এর, যা ছাড়িয়ে গিয়ে উতাগুশিমানিন্দে করেন ১১১ রান।

নাইজেরিয়া আমন্ত্রণমূলক নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬৫ বলে ১৭টি বাউন্ডারির সাহায্যে দুর্দান্ত এই ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিংয়ে ভর করে রুয়ান্ডা ৩ উইকেটে তোলে ২১০ রানের বড় সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে ঘানা ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮৮ রান করতে পারে। ফলে রুয়ান্ডা ১২২ রানের বিশাল জয় পায়। দলের পক্ষে বেলিসে মুরেকাতেতে তিনটি উইকেট নেন এবং ঘানার তিন ব্যাটার রানআউট হন।

এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল আয়ারল্যান্ডের অ্যামি হান্টার-এর দখলে। তিনি ২০২১ সালে নিজের ১৬তম জন্মদিনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১২১ রান করেছিলেন। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন উতাগুশিমানিন্দে।

নারীদের টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির আগের রেকর্ড ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকো-র, যিনি ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে মালির বিপক্ষে ৭১ বলে ১১৬ রান করেছিলেন।

অন্যদিকে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। তিনি ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বছর ২১৭ দিন বয়সে ৪০ বলে ১০২ রান করেন এবং মাত্র ৩৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে