ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

নামাজের ইমাম নিয়োগ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১

২০২৬ মার্চ ০৮ ১০:৩৭:২০
নামাজের ইমাম নিয়োগ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাকোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাহে ঈদের জামাত কে পড়াবেন—এ বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এ সময় আলাউদ্দিন ঘটনাস্থলে এসে তার ছেলেদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু উত্তেজনার মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। স্থানীয়দের ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন। নিহত আলাউদ্দিনের দুই ছেলে জামায়াতের সমর্থক বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আলাউদ্দিন পরিস্থিতি শান্ত করতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির ছেলেরা জামায়াতের কর্মী হলেও আলাউদ্দিন নিজে কোন দলের ছিলেন তা স্পষ্ট নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে