ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গুঞ্জনের পরই প্রজ্ঞাপন—বাংলাদেশ ব্যাংকে বড় রদবদল

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৮:৪৪:৫৪
গুঞ্জনের পরই প্রজ্ঞাপন—বাংলাদেশ ব্যাংকে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক : সরকার বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। একই সঙ্গে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়–এর উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ১৩ আগস্ট ২০২৪ তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী গভর্নর পদে নিয়োগপ্রাপ্ত ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ পেয়েছেন। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–এর সদস্য এবং ‘হেরা সোয়েটার্স’ নামের একটি পোশাক কারখানার মালিক। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে বুধবার দুপুরে অপসারণের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন। এ সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার ৯ আগস্ট পদত্যাগ করেন। পরবর্তীতে ১৩ আগস্ট ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে