ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

কোরবানি নিয়ে জামায়াত নেতার বিতর্কিত তুলনা

২০২৬ জানুয়ারি ১০ ১৬:১৪:১১
কোরবানি নিয়ে জামায়াত নেতার বিতর্কিত তুলনা

নিজস্ব প্রতিবেদক : হজরত ইব্রাহিম (আ.)–এর কোরবানির সঙ্গে রাজনৈতিক কোরবানির তুলনা করে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কাউনিয়া–পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খান। তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ৮ জানুয়ারি রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ বক্তব্য দেন এটিএম আজম খান। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে এটিএম আজম খানকে বলতে শোনা যায়, ২৮ তারিখ সকালে কেন্দ্র থেকে ফোন করে জানানো হয় যে, তাকে ‘কোরবানি দেওয়া হয়েছে’। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি জানতে চান, এই কোরবানি কি হজরত ইব্রাহিম (আ.)–এর পুত্র ইসমাইল (আ.)–এর কোরবানির মতো কি না। জবাবে নাকি বলা হয়, এটি তার চেয়েও বড় কোরবানি।

ভিডিওতে তিনি আরও দাবি করেন, এ কথার ব্যাখ্যায় বলা হয়—হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল (আ.)–কে কোরবানি করতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মানুষ নয়, একটি দুম্বা কোরবানি হয়েছিল। আর তার ক্ষেত্রে কোরবানি বলতে পীরগাছা–কাউনিয়ার লাখ লাখ নারী–পুরুষের কোরবানি বোঝানো হয়েছে। এ বক্তব্যের পর তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলেন বলেও ভিডিওতে শোনা যায়।

এটিএম আজম খান আরও বলেন, কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন এবং বর্তমান পরিস্থিতিকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুঃখকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে।

এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল বলে মন্তব্য করেছেন। সমালোচকদের মতে, ধর্মীয় কোরবানির সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্ত বা মনোনয়ন প্রক্রিয়ার তুলনা অনভিপ্রেত ও আপত্তিকর।

উল্লেখ্য, এটিএম আজম খান রংপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তবে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে জোটগত সমঝোতার কারণে ওই আসনটি ছেড়ে দেওয়া হয়। ফলে তিনি মনোনয়নপত্র জমা দেননি এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে সমর্থন দিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে