ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

বিদায়ের আগে মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত করলেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ৩১ ১০:৫৫:০৪
বিদায়ের আগে মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে দলের নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন। এ সময় মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে দেখা যায় তারেক রহমানকে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয়।

শেষ শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ জানাজার জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এদিকে জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। তার মৃত্যুর খবর পাওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন। শেষবারের মতো প্রিয় নেত্রীকে একনজর দেখার আশায় তারা বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে করে রাজধানীতে আসছেন।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে