ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সোয়া ৯ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা

২০২৫ নভেম্বর ৩০ ১৯:২৫:৩৩
সোয়া ৯ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেনবাগ ও দত্তেরহাট শাখা থেকে ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম থেকে আলমগীর হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গ্রেপ্তারের পর রোববার সকালে তাকে র‌্যাব-১১ কর্মকর্তারা দুদকের নোয়াখালী কার্যালয়ের তদন্ত দলের কাছে হস্তান্তর করেন।

আলমগীর হোসেন উভয় শাখার সাবেক ব্যবস্থাপক। তার বিরুদ্ধে অভিযোগ, শাখা দুটি থেকে ভুয়া ঋণ বিতরণের মাধ্যমে নিজের স্বার্থসিদ্ধি করেছেন। র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, ঋণ নেওয়া অধিকাংশ গ্রাহক বাস্তবে অস্তিত্বহীন। তাদের নামে ভুয়া এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করে, কিছু গ্রাহককে অবহিত না করেই ঋণ তোলা হয়েছিল। এর মাধ্যমে তিনি ৯ কোটি ২৫ লাখ টাকার বেশি আত্মসাৎ করে পালিয়ে গিয়েছিলেন।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তারা গত ২০ অক্টোবর অভিযানে নথিপত্র সংগ্রহ ও যাচাই করে অসংখ্য অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পান। ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তেও এই অভিযোগের সত্যতা নিশ্চিত হয়। নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুদকের পক্ষে দুটি মামলা দায়ের করা হয়। এরপর চট্টগ্রামের একটি বাসা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলমগীর হোসেনকে র‌্যাব-১১ গ্রেপ্তার করে।

দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ জানান, র‌্যাবের সহায়তায় গ্রেপ্তারের পর আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক ও জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া জানান, তাদের বিভিন্ন সদস্যের নামে ঋণ দেখিয়ে আলমগীর হোসেন অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি দুদক ও ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও উঠে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে