×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এবার নতুন প্ল্যাটফর্ম চালু করল বাংলাদেশ ব্যাংক

২০২৬ নভেম্বর ২৮ ১৬:৪২:২১
এবার নতুন প্ল্যাটফর্ম চালু করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্র বা লোকাল এলসির তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা বিএআরটিএ, সংক্ষেপে ‘বার্তা’ নামের এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো তাৎক্ষণিকভাবে লোকাল এলসি-সংক্রান্ত তথ্য ও বার্তা বিনিময় করতে পারবে।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন প্ল্যাটফর্ম চালুর তথ্য জানায়। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের ফলে বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। একই সঙ্গে রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়া, দেশীয় শিল্পের বিকাশ এবং রপ্তানিতে স্থানীয় মূল্য সংযোজন বাড়ানোর সুযোগ তৈরি হবে।

নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি লোকাল এলসি-সংক্রান্ত তথ্য সংগ্রহে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের নির্ভরশীলতাও কমবে।

‘বার্তা’ প্ল্যাটফর্মে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) এবং ফায়ারওয়াল।

ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে দুই স্তরের নিরাপত্তা পদ্ধতি বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন অনুসরণ করা হবে। এ ছাড়া প্রতিটি ব্যাংকের তথ্য আলাদাভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে প্রতিষ্ঠিত পৃথক নিরাপদ আইটি নেটওয়ার্ক বা এক্সট্রানেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা অনুসরণ করা হবে।

প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধু তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন। তাঁরা কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের আশা, ‘বার্তা’ পুরোপুরি কার্যকর হলে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি পশ্চাৎমুখী সংযোগ শিল্প বা ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রির বিকাশ ত্বরান্বিত হবে।

এ উদ্যোগের ফলে প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। সামগ্রিকভাবে দেশের রপ্তানি খাতের সক্ষমতা বাড়াতেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখবে।

নতুন প্ল্যাটফর্ম চালুর পরপরই প্রচলিত সুইফট ব্যবস্থা বন্ধ হচ্ছে না। প্রাথমিক পর্যায়ে ‘বার্তা’র পাশাপাশি লোকাল এলসির তথ্য আদান-প্রদানে সুইফট ব্যবস্থাও চালু থাকবে।পরবর্তী সময়ে ‘বার্তা’ পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে ধাপে ধাপে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে