×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সময়মতো পণ্য দিতে না পারায় বিপাকে পোশাকশিল্প

২০২৬ নভেম্বর ২৮ ১১:২০:২২
সময়মতো পণ্য দিতে না পারায় বিপাকে পোশাকশিল্প

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে চলা পোশাকশ্রমিকদের বিক্ষোভের প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকশিল্পে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে কারখানাগুলোতে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। এ কারণে তারা বাংলাদেশের পরিবর্তে অন্য দেশ থেকে পোশাক সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৩০ অক্টোবর থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন পোশাকশিল্প এলাকায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়। ২৫ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হলেও কয়েকটি এলাকায় শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। তবে কোন কোন দেশে এসব ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে কিংবা কোন আন্তর্জাতিক ক্রেতারা সিদ্ধান্তটি নিয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দেননি তিনি।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিও বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নিয়েছে।

রয়টার্সের হিসাবে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করেছে। তিন পোশাক কারখানার মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, এসব ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত।

শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হলে শুধু কারখানার মালিকদের নয়, পুরো রপ্তানি খাতের ওপর এর প্রভাব পড়ে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প উৎপাদনকারী দেশের দিকে ঝুঁকতে পারেন। এতে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তবে শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধান, মালিক-শ্রমিক আলোচনা এবং উৎপাদন স্বাভাবিক রাখার কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পোশাকশিল্পে এমন সংকট আরও বাড়তে পারে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে