×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন

২০২৬ নভেম্বর ২৮ ১০:৩৭:১৬
জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নিয়োগে দলীয়করণ, স্থানীয় সরকারের অনির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা চর্চা এবং নির্বাচন ও উপনির্বাচনের ফলাফল মেনে নেওয়া নিয়ে এক তরুণের একাধিক তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জবাবে তিনি সংসদে ও রাজপথে বিরোধী দলের অবস্থানের কথা তুলে ধরার পাশাপাশি ‘বয়স ও মোটরসাইকেলের গতির’ উদাহরণ দিয়ে নিজের রাজনৈতিক কৌশল ব্যাখ্যা করেছেন।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে সালাহউদ্দিন আম্মার ডা. শফিকুর রহমানের উদ্দেশ্যে তিনটি প্রশ্ন উত্থাপন করেন। প্রথমত, তিনি অভিযোগ করেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘দলকানা’ ও দুর্নীতিবাজ শিক্ষকদের উপাচার্যসহ নানা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু এ নিয়ে বিরোধী দলের কোনো শক্ত অবস্থান দেখা যাচ্ছে না।

দ্বিতীয়ত, তিনি প্রশ্ন তোলেন অনির্বাচিত বা ‘সিলেক্টেড’ উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়রদের নিয়ে। রাষ্ট্রীয় ক্রম অনুযায়ী একজন এমপি ১৩তম এবং নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ২৪তম অবস্থানে থাকলেও বর্তমানে অনির্বাচিত প্রতিনিধিরা এমপিদের অগোচরে সীমার বাইরে গিয়ে কাজ করার সাহস দেখাচ্ছেন—এ বিষয়ে বিরোধী দলের স্পষ্ট কোনো বক্তব্য নেই বলেও অভিযোগ করেন তিনি।

তৃতীয়ত, নির্বাচন ও উপনির্বাচন প্রসঙ্গে ওই তরুণ সরাসরি প্রশ্ন করেন, "আর কতগুলো উপনির্বাচন হবে, আর কতগুলো উপনির্বাচন জামায়াত মেনে নিয়ে মিষ্টি খাইতে যাবে?" পাশাপাশি জাতীয় নির্বাচনে রাত ১২টার পর ফলাফল ও প্রধানমন্ত্রীসহ পুরো সেটআপ বদলে যাওয়ার পর জামায়াত জিতেছে নাকি হেরেছে বা হার মেনে নিয়েছে কি না—সে বিষয়ে দলটির কাছ থেকে স্পষ্ট বক্তব্য আসেনি বলেও তিনি উল্লেখ করেন।

একসঙ্গে তিনটি প্রশ্ন করা হলে ডা. শফিকুর রহমান হাসিমুখে জানান, তিনি এর মধ্য থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দেবেন। এরপর ওই তরুণ সরকারের ‘দলীয়করণ ব্যবস্থা ও এ বিষয়ে বিরোধী দলের অবস্থান’ সংক্রান্ত প্রশ্নটি বেছে নিলে জামায়াত আমির তার জবাব দেন।ডা. শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে এবং বাইরের রাজনীতি—উভয় জায়গায়ই তারা নিজেদের অবস্থান থেকে জাতির স্বার্থে উদ্বেগগুলো তুলে ধরেছেন। দলীয়করণের বিরুদ্ধে তারা নিন্দা ও ঘৃণা জানিয়েছেন, সংসদের ভেতরে অত্যন্ত স্পষ্ট কথা বলেছেন এবং বাইরে বিষয়টিকে তাদের সাত দফা দাবির অন্তর্ভুক্ত করেছেন।

বয়স ও রাজনৈতিক কৌশলের প্রসঙ্গ টেনে তিনি রূপক অর্থে বলেন, "সাধারণত বয়স কম হইলে মোটরসাইকেলের স্পিড একটু বেশি হয়। আর মোটরসাইকেলের স্পিড যেখানে বেশি হয়, এক্সিডেন্টও ওইখানে একটু বেশি হয়। আমাদের একটু বয়স হয়েছে তো, এখন একটু স্পিড ব্রেকার, স্পিড কন্ট্রোল এবং মাইলেজ দেখে আমাদের চলতে হয়।"

তিনি আরও বলেন, তারা চান না জাতি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ুক, আবার নির্দিষ্ট সময়ে গন্তব্যেও পৌঁছাতে চান—এই দুইয়ের সমন্বয় করেই তারা নিজেদের নীতি নির্ধারণ করছেন।

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকার ক্ষমতায় আসার আগে সমাজকে ‘পলিটোক্রেটিক’ (দলীয়করণ) নয়, বরং ‘মেরিটোক্রেটিক’ (মেধাভিত্তিক) করার ওয়াদা করলেও তারা বাস্তবে দলীয়করণই করেছে এবং মেধাতন্ত্রের দিকে যায়নি।

এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, "আমরা কনফিডেন্ট, এই সমস্ত জায়গা ইনশাআল্লাহ আমরা ভেঙ্গে তছনছ করে দিতে পারব। আমরা বাধ্য করব তাদেরকে এখানে (মেরিটোক্রেসিতে) আসতে।" এ লক্ষ্যে উপস্থিত তরুণদের সমর্থন ও সহযোগিতা কামনা করে একসঙ্গে লড়াই করার আহ্বান জানান তিনি।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে