×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ২৭ ১৮:৫৩:২০
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে অধিকতর তদন্তের স্বার্থে ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গাছের ডাল দিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় তারা। সেখানে প্রায় ৫০ জন পুরুষ জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তাঁদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জড়িত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।

সংঘর্ষে আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে যান। তবে তাঁদের কারও আঘাত গুরুতর ছিল না।

পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তদন্ত চালানো হয়। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বয়স যথাক্রমে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর।

যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।

তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এই সহিংস বিশৃঙ্খলা রেডব্রিজের স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই নিজেদের বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন।

তিনি আরও বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিরা ততক্ষণে সেখান থেকে চলে যান। তাঁদের শনাক্ত করতে তার দল নিরলসভাবে কাজ করছে।

গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হলেও লন্ডন মেট্রোপলিটন পুলিশ তা প্রকাশ করেনি। ফলে গ্রেপ্তার ছয়জনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সহায়তার জন্য কারও কাছে ঘটনার সিসিটিভি কিংবা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ সময় CAD 7004/16NOV রেফারেন্স নম্বরটি উল্লেখ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে