×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন

২০২৬ নভেম্বর ২৭ ১৮:৩০:২৮
আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। একই পরিস্থিতি আবার তৈরি হলে তিনি প্রেসিডেন্ট হিসেবে একই সিদ্ধান্ত নিতেন বলেও জানিয়েছেন। সদ্য প্রকাশিত আত্মজীবনীতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি ওই সময়ের নানা অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা লিখেছেন তিনি।

বাইডেনের আত্মজীবনীতে উঠে এসেছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে সে সময় তার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উদ্বেগ জানিয়েছিলেন।

বাইডেন জানান, মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর দেশটির সরকার অন্তত ছয় মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। মার্কিন বাহিনী প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে। দ্রুত ক্ষমতা দখল করে তালেবান। এতে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে বাইডেন প্রশাসনের অধীনেই ২০২১ সালে সেনা প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়।

আত্মজীবনীতে আফগানিস্তান ইস্যুর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা এবং বিশ্বনেতাদের সঙ্গে নিজের সম্পর্কের অভিজ্ঞতাও তুলে ধরেছেন বাইডেন।

গাজায় ইসরাইলি হামলায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বইটিতে এ বিষয়ে নিজের অনুভূতির কথা উল্লেখ করেছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়েও অভিজ্ঞতা বর্ণনা করেছেন বাইডেন। পুতিনের আচরণকে ‘বদমেজাজি’ হিসেবে আখ্যা দিয়ে তিনি দাবি করেন, বিভিন্ন বৈঠকে পুতিন ইচ্ছাকৃতভাবে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কিংবা গুটিয়ে বসতেন। বাইডেনের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে পুতিন একজন অনাগ্রহী কিশোরের মতো মনোভাব প্রকাশ করতেন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখেছেন বাইডেন। তার মতে, অভিনেতা হিসেবে জেলেনস্কির পূর্ব অভিজ্ঞতা যুদ্ধের কঠিন সময়ে দেশ পরিচালনায় কাজে এসেছে।

বাইডেনের আত্মজীবনীটির নাম ‘প্রমিজ মি, আমেরিকা’। এতে নিজের প্রেসিডেন্সির নানা অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেছেন তিনি।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর বইটি প্রকাশিত হয়েছে। আত্মজীবনীতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বাইডেনের বক্তব্য নতুন করে ওই সময়ের মার্কিন নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও তার পরিণতি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে