×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন

২০২৬ নভেম্বর ২৭ ১৫:৪৬:৪৮
যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: একটি বেসরকারি টেলিভিশনের সংলাপ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খানের নিজ পদের ‘যোগ্যতা’, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য নিয়ে তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী সানজিদা আক্তারের করা একাধিক প্রশ্নের জবাবে নিজের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, জুলাই সনদ বাস্তবায়নের পরিসংখ্যান এবং জাতীয় ঐক্য নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন রাশেদ খান।

‘সহিষ্ণুতা ও ঐক্যের সংলাপ: কোন পথে রাজনীতির গতিপথ?’ শীর্ষক ওই অনুষ্ঠানে দর্শকসারি থেকে রাশেদ খানের কাছে সানজিদা আক্তার জানতে চান, বিএনপি জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্যজোটের সাথে ঐক্য চাইলেও তারা বলছে—জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় না মানলে ঐক্যে যাবে না। এছাড়া নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, বিএনপি যদি মুচলেকা দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা না চায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের ভুল স্বীকার না করেন, তবে তারা ঐক্যে যাবেন না।

এর পাশাপাশি রাশেদ খানের ব্যক্তিগত যোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে ওই শিক্ষার্থী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী রাজনৈতিক পরিবার থেকে এসেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান ভালো জানেন; কিন্তু রাশেদ খানের অনেক ত্যাগ-তিতিক্ষা থাকলেও বর্তমানে তিনি যে পদে এসেছেন, সে পদের জন্য নিজেকে আসলে কতটুকু যোগ্য মনে করেন?

যোগ্যতা নিয়ে করা প্রশ্নের জবাবে মো. রাশেদ খান বলেন, ২০১৮ সালে তিনিও ঠিক ওই শিক্ষার্থীর মতো আসনে বসেই প্রশ্ন করতেন এবং আজকের এই চেয়ারে বসতে তাকে দীর্ঘ সময় ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতি করতে হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে পড়াশোনা করার কথা উল্লেখ করে তিনি জানান, ২০১৮ সালে তিনি বিশাল কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যে আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ২০২৪ সালে যখন পুনরায় কোটা ফিরে আসে, তখন ২০১৮ সালের অভিজ্ঞতা (যখন মারধর ও জেলে যাওয়ার সময় কোনো দল পাশে নামেনি) কাজে লাগিয়ে তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন তারেক রহমানের সঙ্গে আলোচনা করে ছাত্রদের আন্দোলনে পাশে থাকতে।

৩৬ দিনের জুলাই আন্দোলনের পুরো সময়জুড়ে তিনি ২০১৮ সালের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও নেপথ্যে থেকে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নিজেকে ‘রাজনৈতিক সহকারী’ হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, এই পদের মাধ্যমে তিনি এখনো সক্রিয় রাজনীতির মধ্যেই রয়েছেন।

জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে ওঠা প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের নয় মাসের আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব দলেরই ‘নোট অব ডিসেন্ট’ ছিল। তিনি নিজেও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন উল্লেখ করে বলেন, জামায়াত আগের দিন সন্ধ্যায় পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ছাড়া স্বাক্ষর না করার কথা বলেও পরদিন ‘নোট অব ডিসেন্ট’সহ সেই একই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল।

তিনি মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকার যখন নোট অব ডিসেন্ট বাতিল করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ এবং ‘চারটি প্রশ্ন, একটি উত্তর’-এর গণভোটের অধ্যাদেশ জারি করেছিল, তখনই বিএনপির তৎকালীন মহাসচিব এর প্রতিবাদ জানিয়েছিলেন। এরপরও বিএনপি তার নির্বাচনী ইশতেহারের ১ নম্বর পয়েন্টে ঘোষণা দিয়েছিল যে জনগণের ভোটে ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। জনগণ সেই নোট অব ডিসেন্ট ও ইশতেহার জেনেই বিএনপিকে ভোট দিয়েছে।

সনদ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে রাশেদ খান দাবি করেন, জাতীয় সংসদে এরই মধ্যে মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি পাস হয়েছে—অর্থাৎ প্রায় ৮৮ শতাংশই বাস্তবায়িত হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনও এনসিপির সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে বলেছেন যে, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপিকে জামায়াতের আদর্শ বা এনসিপির কর্মসূচি ধারণ করতে বললে বিএনপি আর বিএনপি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

নাসিরুদ্দিন পাটোয়ারীর ‘মুচলেকা দিয়ে ক্ষমা চাওয়ার’ বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, এমন কথাগুলোর চেয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে এনসিপির বৈঠকে অংশ নেওয়ার পর নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেটি গুরুত্বপূর্ণ। নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের উত্থানের প্রশ্নে আমাদের একতা দরকার।

রাশেদ খান বলেন, দলগুলোর মধ্যে আলোচনা-সমালোচনা, দাবি-দাওয়া ও ভিন্নমত থাকবে; কিন্তু দিনশেষে প্রধান শত্রু—অর্থাৎ ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই এক। সবশেষে নাহিদ ইসলাম ও প্রধানমন্ত্রীর অবস্থানের প্রতিধ্বনি করে তিনি বলেন, "দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।"

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে