×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল

২০২৬ নভেম্বর ২৫ ১৫:৩১:৩৮
শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও হুমকি এবং সাম্প্রতিক সময়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় চালানো হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার ভাষ্যমতে, ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ রক্ষা করতে গিয়ে শেখ হাসিনা নিজ দল আওয়ামী লীগকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

সম্প্রতি নিজের দেওয়া এক বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের ও পরিবারের স্বার্থ। বাংলাদেশ তো দূরের কথা, প্রয়োজনে তিনি আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন। তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, আর এরপরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আইন উপদেষ্টা উল্লেখ করেন, দেখে মনে হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতেই পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে তার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ রয়েছে। এসব করার মাধ্যমে তিনি আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এর ফলে দলটির প্রতি যাদের সামান্য সহানুভূতিও ছিল, তাদের জন্য আওয়ামী লীগের পক্ষে কথা বলা কষ্টকর হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

গ্রামীণ ব্যাংকের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে ড. আসিফ নজরুল বলেন, ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসা ছিল, যার বহিঃপ্রকাশ এখন তার অনুগতদের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় একশ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অথচ আওয়ামী লীগের ক্রোধান্ধ নেত্রী ও তার অনুসারীরা এটা বিবেচনায় আনেননি যে, ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। এছাড়া, গ্রামীণ ব্যাংকের ওপর এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে—সেটিও তাদের ভাবনায় নেই।

বক্তব্যের শেষে ড. আসিফ নজরুল সতর্ক করে বলেন, মনে হচ্ছে শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন; কিন্তু এই সুইসাইড বোমায় তিনি নিজে নন, বরং আওয়ামী লীগই ক্ষতবিক্ষত হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কবে এটি উপলব্ধি করবেন এবং কবে বুঝবেন যে ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী দলটাকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন—সেই প্রশ্নও তোলেন তিনি।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে