×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে

২০২৬ নভেম্বর ২৫ ১৫:২৬:২৯
বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের শেয়ারবাজারের মিউচুয়াল ফান্ড খাতে নতুন আশার সঞ্চার হচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিধিমালা সংস্কার, ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম চালু এবং মেয়াদি (ক্লোজড-এন্ড) ফান্ডকে বেমেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তরের মতো যুগান্তকারী উদ্যোগগুলো খাতটিতে নতুন প্রাণের সঞ্চার করছে।

মিউচুয়াল ফান্ড খাতের দীর্ঘদিনের জট খুলতে ২০২৫ সালের মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনার উদ্যোগ নিয়েছে বিএসইসি। এ লক্ষ্যে গত ২৮ অক্টোবর কমিশনের কার্যালয়ে স্টক এক্সচেঞ্জ, সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি ও কাস্টোডিয়ান প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানদণ্ড এবং বাজারসংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়। এর ফলে খাতটিতে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে হাঁটছে ডিএসই। ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা ও নগদায়নের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে বিনিয়োগকারীরা ঘরে বসেই ব্রোকারেজ হাউসের মাধ্যমে অনলাইনে ইউনিট লেনদেন করতে পারবেন। এতে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কার্যালয়ে যাওয়ার ঝক্কি কমার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়বে। লেনদেনে গতি আসার পাশাপাশি বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহি।

বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ, নিয়মিত তথ্য প্রকাশ এবং অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম রোধে নজরদারি জোরদার করছে বিএসইসি। পাশাপাশি কমিশন বিনিয়োগকারীদের প্রতিও যেকোনো ফান্ডে বিনিয়োগের আগে সেটির নিট সম্পদমূল্য (এনএভি), পোর্টফোলিও এবং আর্থিক ভিত্তি যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সাধারণ বিনিয়োগকারীদের অনেকেরই শেয়ারবাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা সরাসরি বিনিয়োগ পরিচালনার সময় নেই। তাদের জন্য পেশাদার সম্পদ ব্যবস্থাপকের মাধ্যমে ঝুঁকি কমিয়ে বিনিয়োগের সেরা মাধ্যম হতে পারে মিউচুয়াল ফান্ড।

সব মিলিয়ে নীতিগত সংস্কার, প্রযুক্তির ছোঁয়া ও কাঠামোগত পরিবর্তন খাতটিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে এই উদ্যোগের প্রকৃত সুফল পেতে হলে কেবল কাগজে-কলমে সংস্কারই যথেষ্ট নয়; প্রয়োজন দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, নিয়মিত আকর্ষণীয় ডিভিডেন্ড এবং সর্বোপরি বিনিয়োগকারীদের হারানো আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা। তা সম্ভব হলে দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড আবারও বিনিয়োগকারীদের প্রথম পছন্দে পরিণত হবে।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে