×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা

২০২৬ নভেম্বর ২৩ ১৬:৫৫:৫১
বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে ফিরে যাওয়ার জন্য কখনো কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা। দল থেকে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার আলোচনা শুরু হওয়ায় তাঁকে নিয়েও নানা প্রশ্ন উঠছে। তবে বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বলেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনো আবেদন করেননি। তাঁর কোনো বক্তব্য বা আচরণ থেকেও দলে ফেরার ইঙ্গিত খোঁজার কারণ নেই বলে মনে করেন তিনি।

রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের আগে তিনি দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

নির্বাচনে বিএনপির মনোনয়নবঞ্চিত হয়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের মধ্যে রুমিন ফারহানাও ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন নির্বাচনে জয়ী হন। ফলে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার আলোচনা শুরু হলে রুমিন ফারহানার অবস্থান নিয়েও রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাঁদের মধ্যে নির্বাচনে জয়ী নেতাদের পাশাপাশি আরও অনেকে রয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূল পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের অধিকাংশই পরবর্তীতে দলে ফেরার আবেদন করেছেন। তবে রুমিন ফারহানা নিজের বক্তব্যে স্পষ্ট করেছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কোনো আবেদন করেননি এবং তাঁর বক্তব্য বা আচরণকে দলটিতে ফেরার ইঙ্গিত হিসেবে দেখারও সুযোগ নেই।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে