×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নাটক করতে বেনাপল সিমান্তে আওয়ামী লীগের ৪ নেতা

২০২৬ নভেম্বর ২৩ ১৩:৫৬:৩৬
নাটক করতে বেনাপল সিমান্তে আওয়ামী লীগের ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ গুঞ্জনের মধ্যেই ভারতের কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের চার শীর্ষ নেতার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন এবং পরে আগরতলা সফরের পরিকল্পনা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ, পথ কিংবা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা এখনো নিশ্চিত করা হয়নি।

ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাম্প্রতিক তৎপরতাকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকে। যদিও এ সফরকে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে দেখার বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে ভিন্নমত রয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনের বরাতে দ্য পলিটিশিয়ান জানিয়েছে, রবিবার আওয়ামী লীগের চার শীর্ষ নেতা পশ্চিমবঙ্গের বনগাঁয় পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চৌকি ও আশপাশের এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

সফরকারী নেতারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন নাঈম।

প্রতিবেদনে দলীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এই চার নেতা সীমান্ত এলাকায় তিন থেকে চার দিন অবস্থান করবেন। এরপর তারা আগরতলার উদ্দেশে রওনা দেবেন। তাদের এই সফরকে কেন্দ্র করে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আরও জোরালো হয়েছে।

এর আগে আগামী মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ঘোষণা দেওয়া হলেও ঠিক কোন তারিখে এবং কীভাবে তিনি ফিরবেন, তা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে রাজনৈতিক মহলে ১০ ও ১৪ ডিসেম্বর—এই দুটি তারিখ নিয়ে গুঞ্জন রয়েছে। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগে এসব গুরুত্বপূর্ণ দিনকে কেন্দ্র করে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন সূত্রের দাবি, বিমানপথের পরিবর্তে স্থলপথে দেশে ফেরার চেষ্টা করতে পারেন শেখ হাসিনা। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক তথ্য বা নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।

আওয়ামী লীগের চার নেতার সীমান্ত সফরকে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তব প্রস্তুতি হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে, এ ধরনের তৎপরতা মূলত রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে।

বিশ্লেষকদের ধারণা, সীমান্ত পরিদর্শন ও সম্ভাব্য আগরতলা সফরের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্ব নিজেদের সক্রিয়তা তুলে ধরতে চাইছে। একই সঙ্গে দেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মনোবল ধরে রাখা এবং দলীয় নেতৃত্ব এখনো রাজনৈতিকভাবে সক্রিয়—এমন বার্তা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তব হলে আগে থেকে সীমান্ত এলাকা পরিদর্শনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাদের যুক্তি, দেশে ফেরার বিষয়টি বাস্তবসম্মত হলে তিনি সরাসরি সীমান্তে আসার উদ্যোগ নিতে পারতেন।

অন্যদিকে, শেখ হাসিনাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় কোনো নাটকীয় পরিস্থিতি তৈরির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। তবে বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে তার দেশে প্রবেশের বাস্তব সম্ভাবনা কতটা, তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে।

সব মিলিয়ে আওয়ামী লীগের চার নেতার সীমান্ত সফর, আগরতলা যাওয়ার পরিকল্পনা এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এসব তৎপরতা দেশে ফেরার কোনো চূড়ান্ত পরিকল্পনার অংশ কি না, তা এখনো নিশ্চিত নয়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে