×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস

২০২৬ নভেম্বর ২৩ ১০:৫৫:১২
এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস

নিজস্ব প্রতিবেদক: টানা ৯ দফা দাম কমার পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের বৃদ্ধি ঘটেছে। এবার প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের স্বর্ণের দাম বেড়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকার তৈরির ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণালংকার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং পুরোনো অলঙ্কার বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত ২১ নভেম্বর রাতে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দাম ২২ নভেম্বর থেকে কার্যকর হয়।

সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।টানা কয়েক দফা দাম কমার পর এবার বড় অঙ্কে বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের বাজারে নতুন করে মূল্য পরিবর্তন এসেছে।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৬ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

ঘন ঘন দাম পরিবর্তনের ফলে স্বর্ণের বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের হিসাবেও পরিবর্তন আসছে। বিশেষ করে বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্বর্ণ কেনার পরিকল্পনা করা গ্রাহকদের নতুন দাম অনুযায়ী বাজেট করতে হচ্ছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে