×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা

২০২৬ নভেম্বর ২০ ১২:০৯:০০
সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
নিজস্ব প্রতিবেদক: বেসামরিক সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর এবার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের জন্যও নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার। নতুন কাঠামো অনুযায়ী, তিন বাহিনীর প্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর একজন সৈনিকের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।

‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পৃথক বেতন ও ভাতা নির্দেশাবলি জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর ৮৪ পৃষ্ঠার এ নির্দেশনা জারি করা হয়। এতে বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জেসিও, সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য নতুন বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের ক্ষেত্রেও একই কাঠামো প্রযোজ্য হবে।

নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে। প্রথম ছয় মাসে বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত সদস্যরা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটরা ৫০ শতাংশ পাবেন। পরবর্তী ছয় মাসে ওপরের পদগুলো আরও ৩০ শতাংশ এবং সার্জেন্ট ও নিচের পদসহ ক্যাডেটরা আরও ২৫ শতাংশ পাবেন।

২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ বর্ধিত মূল বেতন পাবেন। তবে নতুন হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারে ভাতা দেওয়া হবে।

এ ছাড়া সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্য পৃথক নির্দেশনা রাখা হয়েছে।মূল বেতনের পাশাপাশি কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতাও বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনায় বাহিনীপ্রধানের জন্য মাসিক এ ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ টাকা। অন্যান্য পদে ভাতার হারও পদমর্যাদা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি যোগ্যতা ভাতা বাড়িয়ে মাসে ৫৫৪ টাকা থেকে ৮৮০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন কাঠামোতে উড্ডয়ন, বিশেষজ্ঞ, সাবমেরিন, প্যারাসুট, স্কুবা ডাইভিং ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দায়িত্বের ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে।

- উড্ডয়ন ভাতা: নির্দিষ্ট পদমর্যাদার পাইলট ও ক্রুরা মাসে ১২ হাজার টাকা পাবেন। এর নিচের নির্দিষ্ট পদগুলোর জন্য ১০ হাজার টাকা এবং বিমানবাহিনীর গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

- বিশেষজ্ঞ ভাতা: চিকিৎসক কর্মকর্তাদের পদমর্যাদা অনুযায়ী মাসে ১ হাজার ৩৩০ টাকা থেকে ২ হাজার ৮৩০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

- সাবমেরিন ভাতা: ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

- প্যারাসুট ও স্কুবা ডাইভিং ভাতা: ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা করা হয়েছে।

- স্নাইপার ভাতা: ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা করা হয়েছে।

- প্রতিরক্ষা সার্ভিস ভাতা: জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৬ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা, ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা এবং দৈনিক ঝুঁকি ভাতা ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামোতে চার ধরনের ভাতা যুক্ত করা হয়েছে। এগুলো হলো—

১. মোবাইল ভাতা: মেজর ও তার ওপরের পদমর্যাদার কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা পাবেন।

২. প্রতিবন্ধী সন্তান ভাতা: প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য।

৩. হাওর, দ্বীপ ও চর ভাতা: এসব দুর্গম এলাকায় দায়িত্ব পালনকারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা পাবেন। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা।

৪. তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা: রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সদস্যদের মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে।

নতুন বেতন ও ভাতা কাঠামোর মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি দায়িত্ব, পদমর্যাদা, বিশেষায়িত কাজ ও ঝুঁকিপূর্ণ কর্মস্থল বিবেচনায় পৃথক সুবিধা নির্ধারণ করা হয়েছে।

পদমর্যাদা

নতুন মূল বেতন

তিন বাহিনীর প্রধান

১,৭২,০০০ টাকা

লেফটেন্যান্ট জেনারেল / ভাইস অ্যাডমিরাল / এয়ার মার্শাল

১,৬৪,০০০ টাকা

মেজর জেনারেল / রিয়ার অ্যাডমিরাল / এয়ার ভাইস মার্শাল

১,৫৬,০০০ টাকা

ব্রিগেডিয়ার জেনারেল (১৭তম বছর)

১,৩২,৩০০ টাকা

কর্নেল (১৭তম বছর)

১,২৫,৩০০ টাকা

লেফটেন্যান্ট কর্নেল (১৭তম বছর)

১,২২,০০০ টাকা

মেজর (১৭তম বছর)

১,১৭,৭০০ টাকা

ক্যাপ্টেন (প্রথম বছর)

৫৮,০০০ টাকা

লেফটেন্যান্ট (প্রথম বছর)

৪৮,৩০০ টাকা

সেকেন্ড লেফটেন্যান্ট (প্রথম বছর)

৪৬,২০০ টাকা

সৈনিক

২১,৪০০ টাকা

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে