×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে

২০২৬ নভেম্বর ২০ ১১:৫৭:৫২
শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৫-১৯ নভেম্বর) খাতভিত্তিক রিটার্নে সবচেয়ে ভালো অবস্থানে ছিল বস্ত্র খাত। এ ছাড়া পাট ও ভ্রমণ-অবকাশ খাতেও উল্লেখযোগ্য ইতিবাচক রিটার্ন দেখা গেছে। বিপরীতে জীবনবিমা, আর্থিক প্রতিষ্ঠান ও সাধারণ বিমা খাতে ছিল নেতিবাচক প্রবণতা। ফলে সপ্তাহজুড়ে বাজারের উত্থান সব খাতে সমানভাবে ছড়িয়ে পড়েনি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে বস্ত্র খাতের রিটার্ন হয়েছে ৫ দশমিক ৯৬ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় এই খাতের গড় দৈনিক লেনদেনও বেড়েছে ১৯ দশমিক ০৫ শতাংশ। সপ্তাহজুড়ে খাতটিতে গড় দৈনিক লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৩ লাখ টাকা, যা মোট বাজার লেনদেনের ২২ দশমিক ০১ শতাংশ।

রিটার্নের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাট খাত। সপ্তাহজুড়ে খাতটির রিটার্ন হয়েছে ৫ দশমিক ৯১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ভ্রমণ ও অবকাশ খাতের রিটার্ন ছিল ৪ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া সিরামিক খাতে ৩ দশমিক ২৩ শতাংশ এবং ব্যাংক খাতে ৩ দশমিক ০৪ শতাংশ ইতিবাচক রিটার্ন পাওয়া গেছে।

অন্যদিকে কয়েকটি খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল হতাশার চিত্র। জীবনবিমা খাতে রিটার্ন হয়েছে ঋণাত্মক ৩ দশমিক ৩৭ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠান খাতে ঋণাত্মক ১ দশমিক ৯৩ শতাংশ এবং সাধারণ বিমা খাতে ঋণাত্মক ১ দশমিক ১১ শতাংশ রিটার্ন হয়েছে। ওষুধ ও রসায়ন খাতেও রিটার্ন ছিল ঋণাত্মক শূন্য দশমিক ৬৩ শতাংশ।

কোম্পানির সংখ্যার ভিত্তিতেও খাতভেদে ভিন্ন চিত্র দেখা গেছে। বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৫টির দর বেড়েছে, ১৬টির কমেছে এবং সাতটির দর অপরিবর্তিত ছিল। অন্যদিকে সাধারণ বিমা খাতের ৪৩টি কোম্পানির মধ্যে ৩৩টির শেয়ারদর কমেছে, বেড়েছে মাত্র ১০টির। জীবনবিমা খাতের ১৫টি কোম্পানির মধ্যে ১৪টির দর কমেছে এবং একটির দর অপরিবর্তিত ছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে