×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দাদের হাতে ভয়ংকর তথ্য

২০২৬ নভেম্বর ১৯ ১৯:৫৪:০৩
আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দাদের হাতে ভয়ংকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সাম্প্রতিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনার পর নতুন করে নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা এবং সড়ক ও নৌ-যোগাযোগ ব্যবস্থায় হামলার পরিকল্পনার তথ্য সামনে এসেছে। এ পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, তল্লাশি ও বিশেষ অভিযান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক নাশকতার অভিযোগ এবং দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় স্থাপনা, পুলিশি অবকাঠামো, গুরুত্বপূর্ণ সড়ক ও নৌপথের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে সারা দেশে ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৫টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৯ নভেম্বরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক সহিংসতার মধ্যে গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে। ওই হামলায় পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে আট পুলিশ সদস্য আহত হন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঢাকার পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

গোয়েন্দা সূত্রের বরাতে আরও আশঙ্কা করা হচ্ছে, আগামী দিনগুলোতে থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি সড়ক ও নৌ-যোগাযোগ ব্যাহত করার চেষ্টা হতে পারে। বিশেষ করে গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে যোগাযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে উদ্বেগ রয়েছে।

এ ধরনের পরিস্থিতি তৈরি হলে দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে। জরুরি চিকিৎসাসেবা, পরিবহন এবং মানুষের স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করেও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে জমায়েত ও সহিংস পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ কারণে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদর দপ্তর থেকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, আটটি মহানগর পুলিশের কমিশনার এবং বিভিন্ন রেঞ্জের ডিআইজিদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজর রাখা হচ্ছে। দূরপাল্লার বাস এবং যাত্রীদের মালামালও নিরাপত্তা তল্লাশির আওতায় আনা হয়েছে।

গোপালগঞ্জে দুই হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ছাড়া নাশকতার পরিকল্পনা শনাক্ত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কর্মসূচি ও উসকানিমূলক তথ্য পর্যবেক্ষণ এবং গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করা হচ্ছে। নাশকতার অর্থের উৎস ও অর্থায়নের সঙ্গে জড়িতদের শনাক্ত করতেও কাজ করছেন গোয়েন্দারা।

গোপালগঞ্জে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকার পরও থানায় হামলার ঘটনা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ পরিস্থিতিতে শুধু জনবল বাড়িয়ে সহিংসতা প্রতিরোধ করা যথেষ্ট নয়; বরং আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্দেহজনক তৎপরতা শনাক্ত করা এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে নিরাপত্তা অভিযান পরিচালনার সময় সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষের স্বাভাবিক চলাচল, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও যোগাযোগ ব্যবস্থা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ।

নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখাই এখন সরকারের সামনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে