×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়

২০২৬ নভেম্বর ১৭ ১১:২৫:৩০
অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্যের লড়াই। একসময় অপুকে বাংলা চলচ্চিত্রের রানি বলে প্রশংসা করা পরীমনি সম্প্রতি তাকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ করেন। এর জবাবে পরীমনিকে নিজের ‘লেভেলে’ আসার পর মন্তব্য করার পরামর্শ দেন অপু। তবে সেই মন্তব্যের পাল্টা জবাবে এবার ‘লেভেল নয়, কোয়ালিটি’ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন পরীমনি।

রোববার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় পরীমনির সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’

পরীমনির অভিনীত সিনেমার সংখ্যা ও সাফল্য নিয়েও মন্তব্য করেন অপু। তার দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। এ প্রসঙ্গে অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলবো।’

দুই অভিনেত্রীর এই বাকযুদ্ধের সূত্রপাত অপুর একটি ভিডিওবার্তাকে কেন্দ্র করে। ওই ভিডিওতে তিনি বলেছিলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন না।’

অপুর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে কারও নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করেন অনেকে।

স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, কী বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসাডর হতে পারে না।’

একই পোস্টে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। অথচ এর আগে বিভিন্ন সময়ে অপু বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ও অনুপ্রেরণার কথা জানিয়েছিলেন পরীমনি। ফলে তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়।

অপু বিশ্বাসের ‘লেভেল’ মন্তব্যের পর সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের অবস্থান স্পষ্ট করে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন পরীমনি। রাত ৯টার কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০ তে ১০০ বস। কোয়ালিটি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’

এদিকে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত নানা ঘটনা নিয়েও আলোচনায় রয়েছেন পরীমনি। কিছুদিন আগে আদালত চত্বরে এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে গুলশানের একটি অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন বলে গভীর রাতে ফেসবুক লাইভে অভিযোগ করেন এই অভিনেত্রী। সে সময় তার গাড়ি ভাঙচুরের কথাও জানান।

তবে পুলিশ সূত্রের বরাতে জানা যায়, পরীমনির গাড়িটি অক্ষত ছিল। হামলা ও গাড়ি ভাঙচুর নিয়ে তার অভিযোগের বিপরীতে পুলিশের এই বক্তব্যও আলোচনায় আসে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে