×
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু

২০২৬ নভেম্বর ১৪ ১৬:০৯:১৯
সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু
সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু

নিজস্ব প্রতিবেদক: গত সাত দিন ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। এসব হুমকির পেছনে ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। হুমকির বার্তায় ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই সংসদ সদস্য।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন মাহমুদা মিতু। পোস্টের সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে এসব হুমকির বার্তা পাঠানো হয়েছে।একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর কারণও তুলে ধরেন মাহমুদা মিতু।

তিনি লেখেন, সেদিন সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। একপর্যায়ে নিজের মেজাজও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তাঁর ভাষ্য, শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ এবং হান্নান মাসুদের মতো জুলাই আন্দোলনের সমন্বয়ক ও নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।

অথচ তাঁদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি করা হচ্ছে এবং ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যুক্তিতে না পারলেই কাউকে বেয়াদব আখ্যা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।

সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদকে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধনের প্রসঙ্গ তুলে মিতু লেখেন, তখন তিনি চিৎকার করে বলছিলেন, হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা তো তাঁদের সঙ্গেই ঘটে।

তিনি আরও লেখেন, আঁতাত করে চলা ব্যক্তিরা কীভাবে বুঝবেন, বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে কতটা সাহসের প্রয়োজন?

নিজের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে মাহমুদা মিতু জানান, গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন তিনি। এর আগেও এমন হুমকির মুখে পড়েছিলেন বলে দাবি করেন এই সংসদ সদস্য।এসব বিষয় প্রকাশ করলেও নুসরাতের ঘটনার মতোই তা গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টে শহীদ ওসমান হাদির একটি বক্তব্যও স্মরণ করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

লরেন্স বিষ্ণোই ভারতের আলোচিত এক গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তাঁর নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলার আসামি তিনি। বিভিন্ন প্রতিবেদনে তাঁর গ্যাংয়ের সঙ্গে ৭০০-এর বেশি শুটার যুক্ত থাকার দাবি করা হয়েছে।

তবে মাহমুদা মিতুকে দেওয়া হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই বা তাঁর গ্যাংয়ের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে