×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ

২০২৬ নভেম্বর ১২ ১৫:৩৭:০২
ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতের ডিজিটাল লেনদেনে এগিয়ে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। অন্যদিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) খাতে এককভাবে প্রায় ৬৭ শতাংশ লেনদেন নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বিকাশ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেশের ডিজিটাল লেনদেনের এমন চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতের মোট ডিজিটাল লেনদেনের প্রায় ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র পাঁচটি ব্যাংক। আর শীর্ষ ১০টি ব্যাংকের সম্মিলিত অংশীদারত্ব ৫৫ দশমিক ২১ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মোট ৬ লাখ ৬০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ তিনটি প্রতিষ্ঠান একাই সম্পন্ন করেছে ৯৯ দশমিক ১৫ শতাংশ লেনদেন।

ডিজিটাল লেনদেনে শীর্ষ ১০ ব্যাংক

ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ডাচ-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। এরপর তৃতীয় থেকে দশম স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, পূবালী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যমুনা ব্যাংক ও সোনালী ব্যাংক।

আলোচ্য সময়ে ডাচ-বাংলা ব্যাংক ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন করেছে। এতে ব্যাংকটির বাজার অংশীদারত্ব দাঁড়িয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকার লেনদেন করে ৯ দশমিক ৩২ শতাংশ অংশীদারত্ব নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকারি ব্যাংকগুলোতে ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এমএফএসে বিকাশের বড় ব্যবধান

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস খাতে সবচেয়ে বেশি লেনদেন করেছে বিকাশ। আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটি প্রায় ৪ লাখ ৪১ হাজার কোটি টাকার লেনদেন রেকর্ড করেছে। অন্যদিকে নগদের মাধ্যমে লেনদেন হয়েছে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, এমএফএস খাতের মোট লেনদেনের প্রায় ৬৭ শতাংশই বিকাশের মাধ্যমে সম্পন্ন হয়েছে। শীর্ষ তিনটি এমএফএস প্রতিষ্ঠানের সম্মিলিত অংশীদারত্ব ৯৯ দশমিক ১৫ শতাংশ হওয়ায় এ খাতে কয়েকটি প্রতিষ্ঠানের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

বিকাশের করপোরেট কমিউনিকেশনসের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ২০১১ সালে বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুনের আওতায় ব্যাংকবহির্ভূত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে বিকাশের যাত্রা শুরু হয়। গত ১৫ বছরে প্রযুক্তিগত উদ্ভাবন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশজুড়ে একটি ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।

তিনি জানান, বর্তমানে সাড়ে আট কোটির বেশি নিবন্ধিত গ্রাহককে ২০০টিরও বেশি পণ্য ও সেবা দিচ্ছে বিকাশ। দেশের প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের সাতজনের কাছেই প্রতিষ্ঠানটির সেবা পৌঁছেছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, ডিজিটাল পেমেন্টের ক্রমবর্ধমান সুবিধার কারণে এমএফএস খাতে ক্যাশলেস লেনদেন বাড়ছে।

ডিজিটাল লেনদেনে বাড়ছে গ্রাহকের আগ্রহ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকেরা সাধারণত বড় অঙ্কের লেনদেনের জন্য ব্যাংকের ওপর বেশি নির্ভর করেন। অন্যদিকে ছোট অঙ্কের পেমেন্টের ক্ষেত্রে এমএফএস প্ল্যাটফর্ম বেশি জনপ্রিয়। তবে ডিজিটাল ও নগদ—উভয় ধরনের লেনদেনের ক্ষেত্রেই ব্যাংকগুলোকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন গ্রাহকেরা।

২০২৫ ও ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনামূলক হিসাবে দেখা গেছে, এমএফএস প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল লেনদেন ৬ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। এতে ইঙ্গিত পাওয়া যায়, গ্রাহকেরা শুধু নগদ টাকা উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি ডিজিটাল পেমেন্টের দিকেও ঝুঁকছেন।

এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংক ও এমএফএস খাতের মাধ্যমে ডিজিটাল লেনদেন বেড়েছে ২৩ দশমিক ৪৬ শতাংশ।

ব্যাংক ও এমএফএস—উভয় মাধ্যম মিলিয়ে মোট ডিজিটাল ও নন-ডিজিটাল লেনদেনের ৫৭ দশমিক ৭৯ শতাংশ সম্পন্ন করেছে শীর্ষ ১০টি ব্যাংক। এই তালিকায় রয়েছে সোনালী, পূবালী, রূপালী, ডাচ-বাংলা, ব্র্যাক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল, ইস্টার্ন, জনতা ও অগ্রণী ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, লেনদেন ও আমানতের ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রতি সাধারণত বেশি ঝোঁক দেখা যায়।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, আস্থা অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল লেনদেনের সুযোগ আরও সম্প্রসারণ করেছে তাঁর ব্যাংক।

বাংলা কিউআর লেনদেনেও এগিয়ে তিন প্রতিষ্ঠান

২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে লেনদেনে এগিয়ে ছিল বিকাশ, রকেট ও ব্র্যাক ব্যাংক।

এই তিন প্রতিষ্ঠান মিলে বাংলা কিউআরভিত্তিক মোট লেনদেনের ৮২ দশমিক ৭০ শতাংশ সম্পন্ন করেছে। অন্যদিকে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশীদারত্ব ৯৫ দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের মতে, এসব প্রতিষ্ঠানের বড় গ্রাহকভিত্তি বাংলা কিউআর লেনদেনে তাদের এগিয়ে থাকার অন্যতম কারণ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে