×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে

২০২৬ নভেম্বর ১২ ১০:১৭:১৮
২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: জমি কেনার পর কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর নতুন মালিকের নামে সরকারি ভূমি রেকর্ড হালনাগাদ করা জরুরি। এ প্রক্রিয়াকে বলা হয় নামজারি বা মিউটেশন। জমির মালিকানা পরিবর্তনের পর নামজারি না করলে ভূমি উন্নয়ন কর পরিশোধ, সরকারি রেকর্ড হালনাগাদ রাখা এবং ভবিষ্যতে জমি বিক্রির ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। তবে এখন নামজারির জন্য ভূমি অফিসে বারবার যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে আবেদন থেকে শুরু করে ফি পরিশোধ এবং নামজারি খতিয়ান সংগ্রহ করা সম্ভব।

ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন ব্যবস্থার মাধ্যমে জমির মালিকানা পরিবর্তনের আবেদন করা যায়। জমি ক্রয়, উত্তরাধিকার, হেবা, দান কিংবা আদালতের রায়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন হলে নতুন মালিকের নামে নামজারির আবেদন করতে হয়। আবেদন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) অনুমোদন দিলে নতুন মালিকের নামে খতিয়ান তৈরি হয়।

নামজারি খতিয়ানে জমির মালিকের নাম, মৌজার নাম ও নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ এবং মালিকের অংশের বিবরণ উল্লেখ থাকে। তবে মনে রাখতে হবে, নামজারি নিজে মালিকানা সৃষ্টির দলিল নয়; বরং বৈধ মালিকানার ভিত্তিতে সরকারি ভূমি রেকর্ড হালনাগাদ করার প্রক্রিয়া।

জমি কীভাবে অর্জন করেছেন, তার ওপর নির্ভর করে নামজারির আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ধরন। সাধারণত আবেদন করার আগে জাতীয় পরিচয়পত্র, জমির দলিল, খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলাসহ প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হয়।

জমি ক্রয়সূত্রে পাওয়া গেলে সংশ্লিষ্ট দলিলের কপি, আগের মালিকের খতিয়ান এবং সর্বশেষ জরিপের রেকর্ড প্রয়োজন হতে পারে। উত্তরাধিকার সূত্রে জমি পেলে ওয়ারিশ সনদ এবং প্রয়োজনে বণ্টনসংক্রান্ত কাগজপত্র দিতে হবে। আবার আদালতের রায় বা ডিক্রির মাধ্যমে জমির মালিকানা পেলে সংশ্লিষ্ট রায় বা ডিক্রির কপি সংযুক্ত করতে হবে।

এ ছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা প্রযোজ্য ক্ষেত্রে জন্মনিবন্ধন কিংবা পাসপোর্টের কপি, ছবি, ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা এবং মালিকানা অর্জনের সূত্র অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হয়। একাধিক ব্যক্তি যৌথভাবে আবেদন করলে প্রত্যেক আবেদনকারীর পরিচয়সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় নথি দিতে হবে। বিশেষ ক্ষেত্রে শুনানির সময় মূল কাগজপত্র দেখানোর প্রয়োজন হতে পারে।

অনলাইনে নামজারির আবেদন করতে প্রথমে ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা https://mutation.land.gov.bd/। সেখানে নতুন আবেদন করার পাশাপাশি আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ রয়েছে।

প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে লগইন করতে হবে। আগে নিবন্ধন করা না থাকলে ‘রেজিস্টার’ অপশনে গিয়ে ইংরেজিতে নিজের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

লগইন করার পর মিউটেশন অপশন নির্বাচন করে ‘নতুন আবেদন করুন’ অংশে ক্লিক করতে হবে। এরপর যে উপজেলার জমির নামজারি করতে চান, সেটি নির্বাচন করতে হবে। আবেদন শুরুর পর একটি কোর্ট ফি ট্র্যাকিং নম্বর দেওয়া হবে। ওই নম্বর ব্যবহার করে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ২০ টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে।

কোর্ট ফি পরিশোধের পর আবেদনকারীকে জমির অবস্থানসংক্রান্ত তথ্য দিতে হবে। এ ক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা ও জেএল নম্বর নির্বাচন করতে হবে। এরপর জমির খতিয়ানের ধরন, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং জমির পরিমাণ উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট এলাকার সর্বশেষ জরিপের তথ্য অনুযায়ী সঠিক খতিয়ান নির্বাচন করা জরুরি।

পরবর্তী ধাপে জমি কীভাবে পাওয়া হয়েছে, তা নির্বাচন করতে হবে। অর্থাৎ জমিটি ক্রয়সূত্রে, উত্তরাধিকার, হেবা, দান কিংবা আদালতের রায়ের মাধ্যমে পাওয়া হলে প্রকৃত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট অপশন নির্বাচন করতে হবে। এরপর দলিল, খতিয়ান, জাতীয় পরিচয়পত্র, ভূমি উন্নয়ন করের দাখিলা এবং মালিকানা অর্জনের সূত্র অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

সব তথ্য পূরণ ও কাগজপত্র সংযুক্ত করার পর নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। এরপর আবেদন জমা দিলে একটি আবেদন নম্বর বা রসিদ পাওয়া যাবে। পরবর্তী সময়ে আবেদনের অগ্রগতি জানতে এ নম্বর সংরক্ষণ করা জরুরি।

আবেদন জমা হওয়ার পর সংশ্লিষ্ট ভূমি অফিস প্রয়োজনীয় তথ্য যাচাই করবে। প্রয়োজনে ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন, সার্ভেয়ার বা কানুনগোর মতামত নেওয়া হতে পারে। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে শুনানির প্রয়োজন হতে পারে। শুনানির তারিখ ও প্রয়োজনীয় নির্দেশনা সাধারণত আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হয়।

সব তথ্য ও কাগজপত্র যাচাই শেষে সহকারী কমিশনার (ভূমি) আবেদন মঞ্জুর করলে নামজারি খতিয়ান প্রস্তুত হবে। এরপর আবেদনকারীকে রেকর্ড সংশোধন ও খতিয়ান ফি বাবদ ১ হাজার ১০০ টাকা পরিশোধ করতে হবে। ফি পরিশোধ সম্পন্ন হলে অনলাইন থেকে সিস্টেম জেনারেটেড খতিয়ান, ডিসিআর এবং হস্তান্তর বৃত্তান্ত ডাউনলোড করা যাবে।

এ ক্ষেত্রে একটি আবেদনে সাধারণত একটি মৌজার জমি অন্তর্ভুক্ত করা যায়। একাধিক মৌজায় জমি থাকলে পৃথকভাবে আবেদন করতে হবে। তাই আবেদন করার আগে মৌজার নাম, জেএল নম্বর এবং জমির অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ফি অনুযায়ী, একটি নামজারি আবেদনে মোট সরকারি খরচ ১ হাজার ১৭০ টাকা। এর মধ্যে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা এবং রেকর্ড সংশোধন ও খতিয়ান ফি ১ হাজার ১০০ টাকা।

অর্থাৎ আবেদন জমা দেওয়ার সময় প্রথমে কোর্ট ফি ও নোটিশ জারি ফি মিলিয়ে ৭০ টাকা পরিশোধ করতে হবে। পরবর্তী সময়ে নামজারির আবেদন অনুমোদিত হলে বাকি ১ হাজার ১০০ টাকা দিতে হবে। সব মিলিয়ে সরকারি ফি দাঁড়াবে ১ হাজার ১৭০ টাকা।

জমির পরিমাণ বেশি হলেও একটি আবেদনের জন্য নির্ধারিত সরকারি ফি একই থাকে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসব ফি অনলাইনে পরিশোধ করতে হবে। সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নেই। কোনো ব্যক্তি বা কর্মকর্তা অতিরিক্ত টাকা দাবি করলে ভূমিসেবা হটলাইন ১৬১২২ নম্বরে অভিযোগ করা যায়।

ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন নির্দেশিকা অনুযায়ী, সাধারণত ২৮ দিনের মধ্যে নামজারি আবেদন নিষ্পত্তির কথা বলা হয়েছে। তবে আবেদনে কাগজপত্রের ঘাটতি, তথ্যের অমিল, তদন্ত কিংবা শুনানির প্রয়োজন হলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লাগতে পারে।

আবেদনের সর্বশেষ অবস্থা জানতে ই-মিউটেশন ওয়েবসাইটে প্রবেশ করে ‘আবেদন অবস্থা দেখুন’ অপশন ব্যবহার করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও আবেদন নম্বর দিয়ে আবেদনের অগ্রগতি জানা যাবে।

কোনো কারণে আবেদন নামঞ্জুর হলে তার কারণও অনলাইনে জানা সম্ভব। প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্যের ঘাটতি থাকলে সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী তা পূরণ করতে হবে। আর সিদ্ধান্তে আপত্তি থাকলে প্রযোজ্য নিয়ম অনুসারে রিভিউ বা প্রতিকারের আবেদন করার সুযোগ রয়েছে।

অনলাইনে নামজারির আবেদন করার সময় জমির দলিল, খতিয়ান ও জাতীয় পরিচয়পত্রে থাকা নামের বানান এবং অন্যান্য তথ্য মিলিয়ে নেওয়া জরুরি। জমির দাগ নম্বর, মৌজা, জেএল নম্বর ও পরিমাণে ভুল থাকলে আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। উত্তরাধিকার সূত্রে জমি পেলে সব ওয়ারিশের সঠিক তথ্য ও প্রাপ্য অংশ উল্লেখ করতে হবে।

আবেদনের সময় অস্পষ্ট, ঝাপসা বা অসম্পূর্ণ কাগজপত্র আপলোড করা থেকে বিরত থাকতে হবে। আবেদন জমা দেওয়ার পর আবেদন নম্বর এবং অনলাইন পেমেন্টের রসিদ সংরক্ষণ করতে হবে। শুনানির নোটিশ পেলে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় মূল কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নামজারির জন্য সরকারি নির্ধারিত ফি ছাড়া কাউকে অতিরিক্ত টাকা দেওয়া যাবে না। আবেদন করতে সমস্যা হলে বা ভূমিসেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করা যায়।

জমি কেনা কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর নতুন মালিকের নামে সরকারি রেকর্ড হালনাগাদ রাখতে নামজারি করা গুরুত্বপূর্ণ। বর্তমানে অনলাইন ব্যবস্থার কারণে ঘরে বসেই আবেদন, ফি পরিশোধ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব। তাই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে নির্ধারিত সরকারি ফি ১ হাজার ১৭০ টাকা দিয়েই নিজে নামজারির আবেদন করতে পারেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে