×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা

২০২৬ নভেম্বর ১২ ০৭:৫৩:২৬
প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘উপহার’ নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও ৫ শতাংশ ভুল ছিল। উপহার হিসেবে দেওয়া হলেও ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন।

পোস্টে তিনি লেখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের পুরো বক্তব্য শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক কথা বলেছেন। জনগণের করের টাকায় নির্মিত উন্নয়নকাজের গুণগত মান নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য যথার্থ ছিল। তবে উপহার বলি কিংবা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

ইশরাক আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত ও চর্চা হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্য সমর্থন করে না। তাই বিষয়টি গণমাধ্যমে তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সেখানে নবীন প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়ে না। তবে কাজের গুণগত মান খারাপ করে অর্থ সাশ্রয়ের মাধ্যমে সেই টাকা ভাগাভাগি করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার কাজের লাভ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিতে পারেন। কিন্তু কাজের মান কমিয়ে ১০ লাখ টাকা সাশ্রয় করে সেই অর্থের পাঁচ লাখ টাকা প্রকৌশলী এবং পাঁচ লাখ টাকা অন্য কেউ নেবেন—এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

এলজিইডির চলমান ও পাইপলাইনে থাকা উন্নয়ন প্রকল্পগুলোর কাজে কোনো ধরনের শিথিলতা বা গুণগত মানের সঙ্গে আপস না করার নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী। তাঁর ওই বক্তব্যের পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়। এরই মধ্যে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন ইশরাক হোসেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে